প্রকাশিত: ০৮ মে, ২০২৪ ১৬:২৫
তাহিরপুর উপজেলার শনির হাওর ও মাটিয়ান হাওরের স্লুইসগেট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। বুধবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ন বৈশাখ, মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন প্রমুখ।
সভায় পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন জানান, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর ও গুরমা হাওরের বোর ধান কাটা শতভাগ শেষ হয়েছে। এমতাবস্থায় সকল হাওরের ফসল রক্ষা বেরিবাঁধ রক্ষায় স্লুইসগেটগুলো খুলে দেয়া জরুরী প্রয়োজন।
প্রস্তাবটি সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শনির হাওরের স্লুইগেটের পানির লেভেল থেকে নীচে প্রতিটি গেট থেকে তিনটি ফলবোর্ড উঠিয়ে দেয়া, একই নিয়মে মাটিয়ান হাওরের স্লুইস গেটে পাঁচটি ফলবোর্ড উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে গুরমা হাওরটি তাহিরপুর ও মধ্যনগর দুই উপজেলার আওতাধীন থাকায় ফলবোর্ড খোলার বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে স্লুইসগেট এলাকাটি পড়েছে তাহিরপুর উপজেলাতে।
উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন তিনি আরও জানান, শনির হাওর ও মাটিয়ান হাওরের স্লুইসগেট বুধবার বিকেলেই খুলে দেয়া হবে।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, হাওরের স্লুইসগেটগুলো বর্তমান সময়ে খুলে দেয়া হলে হাওরে মাছের বংশ বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, শনির হাওরের স্লুইগেটের পানির লেভেল থেকে নীচে প্রতিটি গেট থেকে তিনটি ফলবোর্ড, মাটিয়ান হাওরের স্লুইস গেটে পাঁচটি ফলবোর্ড উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে গুরমা হাওরের স্লুইসগেটেরে ফল বোর্ড উঠানোর বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন