লড়াই হবে ত্রিমুখী

প্রকাশিত: ২৭ মে, ২০২৪ ০৬:২৯

জমে উঠেছে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

৫ জুন বুধবারে অনুষ্ঠিত হবে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। অঞ্চলভেদে তিনজনই আছেন ‘ফেভারিট’ এর তালিকায়। 
পশ্চিম পাগলা ইউনিয়নে নিজ বাড়ি হওয়ায় আবুল কালাম (মোটরসাইকেল) পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোতে ভালো ভোট পেতে পারেন বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। জয়কলস উপজেলা সদর ইউনিয়ন। ডুংরিয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের গ্রাম। তাঁর সন্তান হিসেবে সাদাত মান্নান অভির (আনারস) অনেকটা গ্রহণযোগ্যতা রয়েছে সাধারণ মানুষের কাছে। এ কারণে তিনিও আছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। পশ্চিমাঞ্চল অর্থাৎ বৌগলারখাড়া গ্রামে বাড়ি আইনজীবী বোরহান উদ্দিন দোলনের (ঘোড়া)। এর আগেও নির্বাচন করেছিলেন তিনি। উল্লেখযোগ্য ভোটও পেয়েছিলেন। এবারও তার জয়কলস ইউনিয়নের পশ্চিমাঞ্চল, পাথারিয়া ও শিমুলবাক ইউনিয়নে বোরহান উদ্দিন দোলনের বেশ জনপ্রিয়তা দেখা যাচ্ছে। তার সরব উপস্থিতিও খাটো করে দেখার উপায় নেই। সব মিলিয়ে শান্তিগঞ্জ উপজেলায় ত্রিমুখী লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে। 
সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পুত্র, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি ও শান্তিগঞ্জ যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলনের মাঝে প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা। তবে প্রার্থীরা বলছেন, তাদের কারোরই বিশেষ কোনো অঞ্চল নেই। উপজেলার প্রত্যেক অঞ্চলে, প্রতিটি ঘরে ও জনে জনে সকলের ভোট আছে। পূর্ব-পশ্চিম বলতে কোনো বিষয় নেই। সবাই তাদের ভোটার। সবখানেই ভোট আছে তাদের।
২০ মে সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে উপজেলার ১২ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কার্যালয়। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠে সরব সকল প্রার্থী। লক্ষণীয় বিষয় হচ্ছে সোমবার বিকালের মধ্যেই শান্তিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাট-বাজার ও উপজেলা সদরের বিভিন্ন ‘ফোকাস’ স্থানে প্রতীক সম্বলিত ব্যানার টানিয়ে নিজেদের প্রতীকের জানান দেন আলোচিত দুই প্রার্থী আবুল কালাম ও সাদাত মান্নান অভি। অ্যাড. বোরহান উদ্দিন দোলনের ব্যানার পোস্টার টানিয়েছেন বিভিন্ন এলাকায়। প্রতীক পাওয়ার পর থেকেই আগের তুলনায় গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনী কার্যক্রম বহুগুণে বাড়িয়ে দিয়েছেন এই তিন প্রার্থী। একই দিনে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন পোস্টার, লিফলেট, স্টিকারসহ বিভিন্ন প্রচার মাধ্যম। পরেরদিন থেকে মাইকের মাধ্যমে বিভিন্ন রসালো শ্লোগান ও চমকপ্রদ কথার গাঁথুনিতে সৃষ্ট গানে মেতে উঠে উপজেলার পথপ্রান্তর। বিকালের কোনো না কোনো সময় মোটরসাইকেল, আনারস ও ঘোড়া প্রতীকের মাইকিং শোনা যায়। 
নাম প্রকাশে অনিচ্ছুক দরগাপাশা, পূর্ব পাগলা, বীরগাঁও, জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের একাধিক ভোটার জানিয়েছেন, আমরা যা দেখতে পাচ্ছি, প্রার্থী তিনজন। তিনমুখী লড়াই হবে। যে প্রার্থী সব জায়গার ভোট পাবেন, তিনিই বিজয়ী হবে। যারা কথা দেওয়ার তারা ইতোমধ্যে কথা দিয়েই দিয়েছেন। 
আনারস প্রতীকের প্রার্থী সাদাত মান্নান অভি বলেন, আমি কোনো বিশেষ অঞ্চল নিয়ে কাজ করছি না। কাজ করছি সমস্ত উপজেলা নিয়ে। সব জায়গায় আমি ভোট পাবো। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এটাই সুখবর। আমার প্রতিদ্বন্দ্বি কোনো প্রার্থী সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। মাঠে ভোটারদের খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। নির্বাচন নিয়ে আমি খুবই আশাবাদী। 
তিনি বলেন, শান্তিগঞ্জ উপজেলার মুরব্বি ও স্বজ্জন ব্যক্তিদের উৎসাহে ব্যক্তিগত সিদ্ধান্তেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আশাকরছি ভোটাররা পারিবারিক ব্যাকগ্রাউন্ড না খুঁজে প্রার্থীর যোগ্যতা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, প্রার্থী শিক্ষিত কি না বা কাজ করার এলিজিবিলিটি আছে কি না তা দেখে ভোটের রায় দিবেন। আমি সকলের পরামর্শ ও ভোট প্রত্যাশী।
অ্যাড. বোরহান উদ্দিন দোলন বলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাতেই আমার ভোট আছে। সমস্ত উপজেলায় আছি এবং কাজ করছি। আমি আইন মান্যকারী ব্যক্তি। প্রার্থীরা নির্দেশনা অমান্য করে ব্যানার, পোস্টার ও স্টিকার তৈরি করেছেন, টানিয়েছেন। মূলত: কাপড়ে প্রিন্ট করে প্রচারণা চালানোর কথা। তারা কেউই আইন মানছেন না। দ্বিমুখী নির্বাচন হওয়ার কোনো সুযোগই নাই। একজন প্রার্থীর সাথে মানুষ আছে ঠিক কিন্তু তাকে ভোটাররা ভোট দেবেন বলে আমার মনে হচ্ছে না। সুতরাং জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী।
মোটরসাইকেলের প্রার্থী আবুল কালাম বলেন, জয়ের আশা নিয়ে সবাই নির্বাচনে এসেছেন। সবাই চেষ্টা করবে জয়লাভ করতে। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। আমার অসংখ্য শুভানুধ্যায়ীরা আছেন যারা মাঠেঘাটে আমার জন্য কাজ করছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোটরসাইকেল প্রতীকের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবু বলতে হয়, জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি যা চাইবেন জনগণের মাধ্যমে তা-ই বাস্তবায়ন করাবেন। আল্লাহর উপর ভরসা করে সব জায়গায় যাচ্ছি। সবার দোয়া চাইছি। সবাই আশ্বাস দিচ্ছেন, দোয়া দিচ্ছেন। আমি আশা করছি নিরঙ্কুশভাবে জয় লাভ করবো।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার