প্রকাশিত: ০৪ জুন, ২০২৪ ০৭:৩৭
তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক /ঢলের পানির তোড়ে ভেঙেছে নতুন বাজার-কাউকান্দি সড়ক
পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার ডুবন্ত সড়ক ৩ ফুট পানির নীচে তলিয়ে গেছে। এতে সড়কে যাতায়াতকারী লোকজন বিপাকে পড়েছেন। এই সড়ক দিয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দার লোকজন সুনামগঞ্জ জেলা শহর ও সিলেট বিভাগীয় শহরে যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলের পানিতে নদ-নদী উপচে সোমবার ভোর থেকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার সড়কটি ৩ ফুট পানির নীচে তলিয়ে যায়।
এ রাস্তায় চলাচলকারী পল্লী সঞ্চয় ব্যাংকের হোসাইন আহমদ নামে এক কর্মকর্তা জানান, তিনি জরুরী কাজে তাহিরপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন মোটর সাইকেল নিয়ে। পানির নীচে তলিয়ে যাওয়ার কারণে তিনি অনেক কষ্ট করে সড়কটি পাড়ি দিয়েছেন বলে জানান তিনি।
তাহিরপুর সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের লুৎফুর রহমান লাকসাব বলেন, তিনি জরুরী কাজে সোমবার সকালে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। আয়োয়ারপুর গিয়ে লোকমুখে শুনতে পান শক্তিয়ারখলা রাস্তাটি পানির নীচে। এ অবস্থায় তিনি সুনামগঞ্জ না গিয়ে বাড়ি ফিরে চলে আসেন।
অপরদিকে যাদুকাটা ও মাহারাম নদীর পানি উপচে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে নতুন বাজার-কাউকান্দি পাকা সড়কটি ঢলের তোড়ে ভেঙে মাটিয়ান হাওরের দিকে পানি প্রবেশ করছে। ফলে এখন থেকে নতুন বাজার কাউকান্দি সড়ক যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো ভেঙে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ সড়কে চলচলকারী শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা মাও. নুরুল ইসলাম জানান, ঢলের পানির তোরে কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে রয়েছে।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনূছ আলী বলেন, ইউনিয়নের কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের সড়ক পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে করে নতুন বাজার কাউকান্দি সড়ক যোগাযোগ একবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন