পুরনো রূপে ফিরেছে শহর

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৪ ১৬:১৭

শহর জুড়ে বেড়েছে যান চলাচল, বেড়েছে জন চলাচল, 'আলফাত স্কয়ার' চত্বর -ছবি. সুখবর

পুরনো রূপে ফিরেছে শহর। শহর জুড়ে  বেড়েছে যান চলাচল, বেড়েছে জন চলাচল। পথে দোকানে যানবাহনে জন সমাগম বেড়েছে। খোলা হয়েছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, সবধরণের দোকানপাঠ। কর্মস্থলমুখী মানুষ। এক সপ্তাহের অস্বস্তির যেন অবসান হলো।

 


সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনে পুরো দেশ অচলাবস্থার মধ্যে পড়ে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার মধ্যরাত থেকে দেশজুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রবি, সোম ও মঙ্গলবার নির্বাহী আদেশে ছিল সাধারণ ছুটি। এমন অবস্থায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং তল্লাশিতে যান ও জনচলাচল ছিল কম।

 


বুধবার কারফিউ  শিথিলের সময় সীমা বাড়িয়ে সকাল নয়টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে  ঘোষণা দেওয়ায় এবং সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে জানানোয় এমন কর্মচাঞ্চল্য দেখা দেয়।
জগন্নাথবাড়ি রোডের ব্যবসায়ী সোহেল মিয়া বললেন, গত দুইদিন কারফিউ শিথিলের যে সময় দেওয়া হয়েছিল এটা বাজারের সময় ছিল না। ব্যবসা ছিল খুবই মন্দা। আজকে (বুধবার) সব কিছু খুলে দেওয়ায় বাজারে বেচাকেনার অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। দোকানে কর্মচারিরাও স্বস্তি নিয়ে কাজ করছে।

 


গার্মেন্টস মালিক সেন্টু বণিক বললেন, কমপ্লিট শাটডাউন ও কারফিউয়ে দোকান খুলিনি। আজ সবকিছু খুলে দেওয়ায় দোকান খুলেছি। এখন পর্যন্ত তেমন কাষ্টমার না আসলেও আশাকরি দু’একদিনের মধ্যে মার্কেট স্বাভাবিক হবে।

 


বাজারের সবজি মালের ডিলার মুস্তাফিজুর রহমান বলেন, কারফিউয়ের সময় মাল আমদানি হলেও গাড়িভাড়া ছিল প্রায় দ্বিগুণ। যার প্রভাব মালের দামের উপরে পড়েছে। এখন কারফিউ শিথিল হওয়ায় আশাকরি গাড়ি ভাড়া আগের জায়গায় ফিরবে এবং মালের দামও কমতে শুরু করবে।

 


অটো রিকশা চালক মুজিবুর রহমান বলেন, গত কয়েক দিন শহরে মানুষ একদমই কম ছিল। একারণে ট্রিপও তেমন মিলে নি। আজ সব কিছু শিথিল হওয়ায় শহরে মানুষ এসেছে। অন্যদিনের তুলনায় আজকে ট্রিপও ভাল পেয়েছি।

 


বিরতিহীন বাস কাউন্টারের ম্যানেজার শিরোমনি বলেন, এখনও বিরতিহীন বাস চালু হয়নি। তবে লোকাল বাসগুলো চলছে। যাত্রী আজকে কিছুটা বেড়েছে আশাকরি দু’একদিনের মধ্যে বিরতিহীন বাসও চালু করে দেওয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার