পৌরসভার দায়  ঘুচালো পুলিশ 

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪ ০৭:৫৪

জগন্নাথ বাড়ি সড়ক 

সুনামগঞ্জ পৌর শহরে  প্রধান বানিজ্যিক এলাকা জগন্নাথবাড়ি সড়ক দীর্ঘদিন যাবৎ দখলে থাকার কারণে ব্যহত হচ্ছিল স্বাভাবিক যান চলাচল। হাটা চলায়ও বেগ পেতে হয়েছে বাজারে আসা মানুষের। নতুন করে প্রশস্ত করে পুননির্মাণের পরও সড়কের দুপাশে প্রায় অর্ধেক সড়ক দখল করে ব্যবসা করছিলেন দোকানীরা। এতে সরু হয়ে গিয়েছিল প্রশস্ত এই সড়কটি। এ নিয়ে শনিবার দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ ও রবিবারে সম্পাদকীয় প্রকাশিত হয়। সংবাদে অর্ধেক দখলে থাকার পরও উচ্ছেদে ব্যর্থতার কথা বলেছিলেন পৌর কাউন্সিলররা। ভবিষ্যতে উচ্ছেদ করার কথা বলেছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী। তবে ভবিষ্যতের জন্য কাজ বাকি না রেখে সংবাদ প্রকাশের পরদিনই পৌরসভার দায় ঘুচালো পুলিশ।
শনিবার  দুপুরে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো খালেদ চৌধুরীর নেতৃত্বে জগন্নাথ বাড়ি সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে সড়ক থেকে সরানো হয় ব্যবসায়ীদের মালামাল। এতে ফুটে উঠে সড়কের সৌন্দর্য। পাল্টে যায় এই এলাকার চিরচেনা যানজটের চিত্র। শুরু হয় স্বাভাবিক যান চলাচল। স্বস্তিতে বাজার সদাই করতে দেখা যায় মানুষকে। 
মাছ বাজারে আসা নাইমুল ইসলাম জানান,  এতদিন পর একটা কাজের কাজ হয়েছে। মানুষ এখন স্বস্তিতে এই এলাকায় চলাচল করতে পারবে। যানজটের যন্ত্রণা আর নেই। এভাবেই যেন থাকে, সেই দিকে নিশ্চয়ই খেয়াল রাখবেন কর্তৃপক্ষ। 
বাজারে আসা ক্রেতা সাহেরা বেগম বললেন, মহিলা যারা বাজারে আসে, তাদের সবচেয়ে বাজে পরিস্থিতির মধ্য দিয়ে এই দিকে যেতে হত। সড়ক ছোট থাকায় ভিড় টেলে বাজারে যেতাম। 
এক দোকানী বলেন, এরকম অভিযানের পর কয়েকদিন যায় আবার বসে তারা। অভিযানের পর নজরদারি ও তদারকি থাকা প্রয়োজন। তাহলে আবার দখল করতে পারবে না। 
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো খালেদ চৌধুরী বললেন, সড়ক দখলমুক্ত রাখতে আমরা আগে থেকেই অভিযান পরিচালনা চালিয়ে আসছি। নতুন পুলিশ সুপার  আসার পর স্যারের নির্দেশনায় আজকে জগন্নাথবাড়ি ও পুরাতন জেল রোড এলাকায় অভিযান চালিয়ে সড়ক থেকে মালামাল তুলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আবার বসলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। একবার যখন এই সড়কে ঢুকে গেছি, একদম ঠিক না করে ফিরছি না। 


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার