প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৪৬
দিরাইয়ে গণঅধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সুজন
গণঅধিকার পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সুজন বলেছেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই গণঅধিকার পরিষদের রাজনীতি। দেশের রাজনীতির গুণগত মানোন্নয়ন এখন সময়ের দাবি। দেশের সাধারণ মানুষ চায় দুর্নীতিমুক্ত বৈষম্যবিরোধী সমাজ ব্যবস্থা। যে কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়। সর্বসাধারণের অংশগ্রহণে ছাত্রদের আন্দোলন ছাত্র-জনতার আন্দোলনে রূপান্তরিত হওয়ায় স্বৈরাচারী হাসিনার পতন ঘটে। গণঅধিকার পরিষদে সবাইকে অংশগ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, আমরা ডান বাম নয়, আমরা মধ্যপন্থী একটি পূর্ণ গণতান্ত্রিক দল।
শুক্রবার বিকাল ৩টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিরাই উপজেলা ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ আরিফের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আসগর, সাধারণ সম্পাদক এমএ বারী সিদ্দিকী, সহ সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, উপজেলা গণঅধিকার পরিষদ মেতা আহমদ হেলাল, এসএম এনামুল হক, জুনাইদ আহমেদ, সদরুল আলম, জাকারিয়া আহমেদ স্বাধীন প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন