প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৪ ০৬:২৬
দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. অনিক হাসান।
দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অফিস পাড়ায় দালালি ও অনৈতিক সুবিধাভোগীদের প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় দিরাই পৌর সদরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী মো. অনিক হাসান। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করেছে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে ছাত্র নামধারী কতিপয় তরুণ বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে আমরা দেখেছি, কিছু লোক সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে। অফিস পাড়ায় কর্ম দিবসের বেশীরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়। অথচ আন্দোলনের সময় তারা নিষ্ক্রিয় ছিল। পাঁচ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম, দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কলংকিত করার যে কোনো অপপ্রয়াস রুখে দিতে দিরাইয়ের হাজারো ছাত্র একাট্টা।
প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ সরকারি অফিসে অনৈতিক সুবিধা, দালালি কিংবা অযাচিত খবরদারি করতে গেলে, তাদের আইনের হাতে সোপর্দ করুন। বিনা প্রতিবন্ধকতায় সরকারি দায়িত্ব পালন এবং একটি আদর্শ দিরাই উপজেলা গঠনে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে বৈষম্যবিরোধী পাশে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রশীদ চৌধুরী, মোশতাত আহমদ চৌধুরী, আরমান হোসেন আবিদ, কারিমুল হক, নবাব মিয়া, রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফিক সহ অর্ধশতাধিক শিক্ষার্থী।
এছাড়াও দিরাই পৌর শহরে যানজট নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক, রিক্সা চলাচল সীমিতকরণ, বিভিন্ন মোড়ে যানবাহনের অবৈধ স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, সড়কের ডিভাইডারে বৃক্ষরোপনসহ শহরের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণের জন্য সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন