প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪ ১৯:৫৫
দিরাইয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, মানুষকে মানুষের গোলামী থেকে বেরিয়ে এসে আল্লাহর গোলামী করার অভ্যাস করতে হবে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মানুষকে জোরপূর্বক ভাবে তার গোলাম হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ছাত্র-জনতা ৫ আগস্টের বিজয়ের মধ্য দিয়ে তার এই কৌশল ব্যর্থ করে দিয়েছে। এখন মানুষ তার কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা গণমিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাত মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের আচরণ দিয়ে আমরা বুঝিয়ে দেই জামায়াতের লোকজন নির্মল চরিত্রের অধিকারী। রাসুল (স.) এর জীবনাদর্শেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে রাসুলকে আদর্শ হিসেবে মানতে হবে। কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। নবী করিম (স.) এবং সাহাবীগণদের জীবনী শ্রেণিভেদে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল কবির, সিলেট মহানগর জামায়াত নেতা অধ্যাপক গোলাম রাব্বানী, শাল্লা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল আলম সিদ্দিকি, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, শাবিপ্রবি ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কামাল হোসেন, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, উপজেলা ছাত্র শিবির সভাপতি তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি আকবর আলী, উলামা বিভাগের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন