প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ০৬:২৩
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও বাজারে জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলনে বক্তব্যরত অবস্থায় জহিরুল হক নামে স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে ওই কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক সহকর্মীর আকস্মিক মৃত্যুতে কর্মী সম্মেলন পরে শোকসভায় পরিণত হয়। নিহত জহিরুল হক ইউনিয়ন কৃষকলীগ নেতা ও সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি উত্তর শ্রীপুর ইউনিয়নের খলিসাজুড়ি গ্রামের মৃত আব্দুজ জব্বারের ছেলে।
জানা যায়, সীমান্তবর্তী কলাগাঁও বাজারে কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে পূর্ব নির্ধারিত কর্মী সম্মেলনে বিকাল ৫টায় বক্তব্য দেওয়ার সময় জহিরুল হক মঞ্চের মধ্যেই ঢলে পড়েন। পরে তাকে স্পিডবোট যোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ—সাধারণ সম্পাদক ও জেলা শাখার আহবায়ক আনিসুল হক। তিনি সুনামগঞ্জ—১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের সহকর্মীর আকস্মিক মৃত্যুতে উপজেলা কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন