প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ০৬:৫০
জামালগঞ্জে খাবারের খোঁজে লোকালয়ে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। গত ১৫ দিন ধরে বিভিন্ন গাছের ফল, শাক—সবজি নষ্ট করে চলেছে বানর। ভয় দেখাচ্ছে ছোট ছোট শিশুদের। সারাদিন বাড়ি—বাড়ি ঘুরে বেড়াচ্ছে বানরটি।
জানা যায়, উপজেলা সদরে ডিলার পট্টি, পল্লী বিদ্যুৎ রোড, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বাসা বাড়িতে প্রায় ১৫ দিন যাবত অবস্থান করছে একটি বানর। প্রথম কয়েকদিন এলাকার মানুষ খাবার দিয়েছে বানরকে। সবাই ভেবেছিল দুই—একদিন পরই চলে যাবে। তবে এখনো বানরটি কোথাও না গিয়ে মানুষের গাছের ফল যেমন— পেঁপে, পেয়ারা, কুমড়া, লাউ প্রভৃতি খেয়ে ফেলছে।
স্থানীয় ডিলার পট্টির বাসিন্দা মাও. আলাল উদ্দিন বলেন, এই বানরের অত্যাচারে আমরা অতিষ্ঠ। গাছের পেয়ারা, পেঁপে, জাম্বুরা সহ নানা ধরনের ফল নষ্ট করেছে। তাড়ানোর চেষ্টা করলে সেও (বানর) আমাদের আক্রমণ করার ভয় দেখায়। বন বিভাগের লোককে জানালে তারা জানায় বানর ধরে তাদের খবর দিতে।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা বিপুল মিয়া বলেন, এই এলাকায় একটি বানর গাছের ফল খেয়ে ফেলেছে বলে শুনেছি। আমাদের বন—বিভাগের প্রাণি সংরক্ষণ নামে একটি বিভাগ আছে। আমি উনাদের বিষয়টি অবহিত করবো। উনারা এসে বানরটিকে উদ্ধার করে বন—জঙ্গলে অথবা চিড়িয়াখানায় হস্তান্তর করবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন