প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:৩০
মো. নূর উদ্দিন আহমদ
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর উদ্দিন আহমদ কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। নূর উদ্দিন উপজেলা আওয়ামী লীগের একাংশের (কালাম- শামীম গ্রুপ) আহ্বায়ক কমিটির সদস্য।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, চেয়ারম্যান মো. নূর উদ্দিন আহমদ কে গেল চার আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলার মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক জানান, চেয়ারম্যান নূর উদ্দিনকে কাল আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত. সুনামগঞ্জ সদরে গত চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটসহ ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা হয়। এই মামলায় অজ্ঞাতনামা আসামী ২০০ জন। দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের মো.হাফিজ উদ্দিন। এই মামলায় এই পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার দুইজন ইউপি চেয়ারম্যানসহ সাত আসামী গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে পাঁচ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
উপজেলার খবর থেকে আরো পড়ুন