প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:৩২
দোয়ারাবাজারে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার বাংলাদেশের সুপারি, রসুন, ভারতীয় চিনি, আপেল জব্দ করা হয়েছে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
বাংলাবাজার বিওপি ক্যাম্পের সদস্যরা ভারতে পাচারের সময় বাংলাদেশী ৪০ হাজার ৫০০ কেজি রসুন, ১০০ কেজি সুপারি ও ভারত থেকে অবৈধ পথে আনা ভারতীয় ১ হাজার ৯০০ কেজি চিনি ও ১৬১০ কেজি আপেল জব্দ করেন।
আটককৃত ৪০ হাজার ৫০০ কেজি বাংলাদেশী রসুনের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬২ লক্ষ টাকা, ১০০ কেজি সুপারির মূল্য ৮০ হাজার টাকা, ভারতীয় চিনির মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা ও ভারতীয় ১৬১০ কেজি আপেলের মূল্য ৮ লক্ষ ৮৫ হাজার টাকা। আটককৃত সকল মালামালের মোট মূল্য ১ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে বিজিবির বাংলাবাজার বিওপি’র সুবেদার আবুল বাসার আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার সকালে অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে আনা আপেল, চিনি ও বাংলাদেশ থেকে অবৈধ পথে পাচার করার সময় বাংলাদেশী রসুন ও সুপারি জব্দ করা হয়েছে। আটককৃত সকল মালামাল নিলামে বিক্রি করা হবে।
এদিকে বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, ২টি মোটরসাইকেল এবং অন্যান্য মালামাল সহ অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮ টি নৌকা জব্দ করা করেছে।
বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতনদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন