প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ০৬:৫২
সুনামগঞ্জ পৌরসভার হিসাব শাখায় চুরির ঘটনা ঘটেছে। শুক্র ও শনিবারের কোন এক সময় এই চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন পৌরসভার দায়িত্বশীলরা। চুরির ঘটনার সময় পৌরসভার সিসি ক্যামেরা নিস্ক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে সুনামগঞ্জ পৌরসভার হিসাব শাখার লোকজন এসে দরজা খুলতে চাইলে, দেখেন দরজা খুলছে না। ধাক্কা—ধাক্কি করে দরজা খুলে দেখেন জানালা ভাঙা, ভেতরের আলমিরা খোলা ও কাগজপত্র তছনছ করা। পরে পুলিশকে খবর দেন তারা।
এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস বলেন, শুক্রবার, শনিবার দুদিন অফিস বন্ধ ছিল। এর ফাঁকে হয় তো ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে রুমে ঢুকে দেখি জানালা ভাঙা। আলমিরা, ড্রয়ার ভাঙা। সকল কাগজপত্র তছনছ করা। তবে কোনো কিছু খোয়া যায়নি মনে হচ্ছে। রানিং ফাইল যদি মিসিং হয়, সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখছি। পুলিশকেও জানিয়েছি, তারা দেখে গেছেন। পৌরসভার প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। তারা ধারনা করছেন চোরেরা নগদ টাকার জন্য এসেছিল।
সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বললেন, খবর পেয়ে ওখানে পুলিশ পাঠানো হয়েছে। চোরেরা ফাইলপত্র—কাগজপত্র কেন তছনছ করলো, সেটি তদন্ত করে দেখবো আমরা। চুরির ঘটনার সময় সিসি ক্যামেরা নিস্ক্রিয় ছিল।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক সমর পাল বললেন, এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে। তদন্ত কমিটি হবে। কার অবহেলায় এটি হয়েছে, কীভাবে হয়েছে, কোন মূল্যবান কাগজপত্র খোয়া গেছে কী—না খেঁাজে দেখা হবে। কেউ দোষী থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো আমরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন