প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ ১৩:০০
শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সাবেক ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় যুবলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ও গ্রেপ্তারকৃত একই মামলার আসামি রিগ্যান আহমেদের একদিনের রিমান্ড ও অন্য ৩০ আওয়ামী লীগ নেতাকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম, শেরেনুর আলী ও আব্দুল হক। একই তথ্য জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।
সোমবার (২১ অক্টোবর) আসামীদের উপস্থিতিতে দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামীদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড ও জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর শহরে গত চার আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় মহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় সাবেক মন্ত্রী এম এ মান্নান সহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে বয়স্ক ও অসুস্থা বিবেচনায় কেবল এমএ মান্নান কে জামিন দেওয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন