প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ০৮:২৮
জগন্নাথপুরের বর্ণাঢ্য আয়োজন
জগন্নাথপুরে স্মরণকালে বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদের স্বদেশ আগমন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
বিএনপি নেতাকর্মীদের দাবি, হাওরাঞ্চলে এই প্রথমবারের মতো এক ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। যা জগন্নাথপুরের ইতিহাসে এর আগে কেউ কখনও করেননি। দুপুর দুইটায় স্থানীয় পৌর পয়েন্টে গণসংবর্ধনা শুরু হবে। স্টেডিয়ামের আদলে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। তিনতলার মতো করে আকৃতির এ মঞ্চে অতিথিদের জন্য ১৬০ টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া নানা ফুলে, বর্ণিল সাজে সাজানো হয়েছে মঞ্চ।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে সংবর্ধিত অতিথিরা জগন্নাথপুরে আসছেন। সংবর্ধনায় ২০ হাজার লোক সমাগমের লক্ষ্যে গত কয়েকদিন ধরে প্রচারণা চালানো হয়। উচ্ছ্বাসে ভাসছেন নেতাকর্মীরা।
জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে থাকায় ও মামলা হামলার কারণে ১২ বছর ধরে নিজ মাতৃভূমিতে আসতে পারেনি জগন্নাথপুরবাসীর অংহকার কয়ছর আহমদ। বিএনপি পরিবারের এই নেতা তৃণমূল থেকে রাজনীতি করে বিএনপির রাজনীতির শীর্ষ পর্যায়ে মেধা, যোগ্যতায় পৌঁছেছেন। জিয়া পরিবারের সঙ্গে রয়েছে সুসর্ম্পক তাঁর। এটি জগন্নাথপুরবাসীর জন্য গৌরবের। তাঁর সম্মানে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান আমরা স্মৃতির মনিকোঠায় ধরে রাখতে চাই। অনুষ্ঠানটি সফল করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
দলীয় সূত্র জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এক যুগ ধরে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হামলার কারণে দেশে আসতে পারেন নি। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হওয়ায় তিনি দেশে আসার সিদ্ধান্ত নেন। বুধবার ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রা বিমানবন্দর ত্যাগ করেন। পবিত্র ওমরাহ্ পালন শেষে রবিবার সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। একই এসময়ে যুক্তরাজ্য থেকে আসা আরও ৩৮ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দেন। সোমবার দুপুরে কয়ছর আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা দুপুরে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আজ বেলা ১১টায় ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানি বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর দুপুরে প্রায় পাঁচ শতাধিক গাড়ি বহর নিয়ে জগন্নাথপুরে আসবেন। তাদের বরণ করতে নানা প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
যুক্তরাজ্য বিএনপি নেতা, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ জানান, অনেকদিন পরে দেশে ফিরেছি। যেন নতুন এক বাংলাদেশে এসেছি। নেতার সঙ্গে নিজের বাড়িতে আসছি। সেটা ভেবে খুবই ভালো লাগছে।
যুক্তরাজ্য শাখার স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, দীর্ঘ একযুগ পরে সবার প্রিয় নেতা কয়ছর আহমদের স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষে দেশে ফিরেছি। তাঁর সঙ্গে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁর সঙ্গে কাজ করবো।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুল রেজা জানান, আমি আট বছর পর দেশে এসেছি। মঙ্গলবার জন্মভিটায় পা রাখবো ইনশাআল্লাহ। আমাদের আস্থার প্রতীক কয়ছর আহমদের নেতৃত্বে আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নতুন বাংলাদেশ গঠনে কাজ করব। এতে করে দলের সাংগঠনিক কার্যক্রমে আরো গতি বাড়বে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন