প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ ১৯:৪৩
জামালগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর, সুনামগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদ, প্রত্যাশা-২ প্রকল্পের এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশ-ফেরত প্রতারিত অভিবাসীদের জন্য প্রয়োজনীয় আইনগত সহযোগিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা ২ প্রকল্পের কার্যক্রম চমৎকার। এছাড়া ব্র্যাক পরিচালিত সেবাখাতের অন্যান্য প্রকল্পের উপকারভোগীদের মধ্যে বিষয়টি ফোকাস করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিদেশ-ফেরত/ প্রতারিত অভিবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
এসআরএস/টিডি
উপজেলার খবর থেকে আরো পড়ুন