লুট ঠেকাতে বাল্কহেড-ব্লক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ০৭:২১

দিনে-দুপুরেই ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বেপরোয়াভাবে চলছিল সরকারি বালু-পাথর লুটের মহোৎসব। পুলিশের চোখের সামনেই প্রতিদিন বের হতো বালু-পাথর বোঝাই হাজারো নৌকা। লুট ঠেকাতে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারী করে নদীর প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়া হয়। তাতেও ঠেকানো যায়নি হরিরলুট। জেলা প্রশাসনের দেওয়া বেড়া স্থাপনের দিনেই ভেঙে উপরে ফেলে বের হয় লুট হওয়া কোটি কোটি টাকার বালু বোঝাই নৌকার বহর। এভাবেই চলছিল সরকারি সম্পদ লুটের রাজত্ব। দৈনিক সুনামগঞ্জের খবরসহ স্থানীয় ও জাতীয় কিছু গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর এবার হরিরলুট ঠেকাতে বিকল্প উদ্যোগ নিয়েছে পুলিশ। সদর মডেল থানার উদ্যোগে বাল্কহেড নদীর মুখে বসিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর প্রবেশমুখে আড়াআড়িভাবে বাল্কহেড রেখে বন্ধ করে দেওয়া হয় অবাধে চলার পথ। কেবল যাত্রী, কৃষিপণ্যসহ অন্যান্য পণ্য পরিবহন ছাড়া বালু-পাথর বোঝাই কোন নৌ-যান চলার সুযোগ থাকছে না বলে জানিয়েছে পুলিশ। 
নৌকা দিয়ে নৌকা ঠেকানোর কথা বললেন পুলিশ সুপার। এই ব্যারিকেডের ফলে নদীতে নজর রাখাও অনেকটা সহজ হবে মনে করছে পুলিশ। 
শুক্রবার বিকেলে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হকের নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলতি নদীর প্রবেশমুখে এই ব্যারিকেড দেওয়া হয়। পাশাপাশি সাঁটানো হয় সতর্কতার দুইটি ব্যানার। লেখা হয়েছে ‘ধোপাজান চলতি নদীতে বালু-পাথর উত্তোলন ও নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বালু-পাথরবাহী নৌ-যান চলাচল সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।’ 
ব্যারিকেড স্থাপন শেষে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খাঁন বলেন, আমি সুনামগঞ্জে আসার পর বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, দুর্গাপূজা সহ পুলিশের বিভিন্ন ব্যস্ততার সুযোগ নিয়ে লুটে মেতেছিল বালুখেকোরা। পরে জেলা ও উপজেলা প্রশাসন বাঁশের বেড়া দিয়ে নৌযান আটকানোর চেষ্টা করলেও, ঠেকানো যায় নি। তাই এবার বিকল্প ব্যবস্থা হিসেবে নৌকায় নৌকা ঠেকানোর উদ্যোগ নিয়েছি। আশা করি, এবার কেউ এই ব্যারিকেড ভেঙে যেতে পারবে না। এই ব্যারিকেডের ফলে নদীতে চলাচল পথ অনেকটা সীমিত হয়ে গেছে। এতে আমাদের টহলরত পুলিশ সদস্যদের নজরদারি করতে আরও সহজ হবে। এরপরও কেউ বালু লুটের অপচেষ্টা করলে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। জড়িত কেউ পার পাবে না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার