এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় 

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:২২

লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়

তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়মের তোয়াক্কা না করে এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বাড়তি টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন সীমান্ত এলাকার প্রান্তিক শিক্ষার্থী অভিভাবকরা। এ বিদ্যালয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১২ জন।
সিলেট বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে ২ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ফরম পূরণে সিলেট শিক্ষা বোর্ড নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান বিভাগে ২২৪০ টাকা, মানবিক ও ব্যবসা বিভাগে ২১২০ টাকা। এর বাইরে কোন ফি নেয়ার বৈধতা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। অথচ এই বিদ্যালয়ে নেওয়া হচ্ছে ২৬৬০ টাকা। অতিরিক্ত নেওয়া হচ্ছে ৪২০ টাকা। কোন উপায় না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করছেন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জুয়েল আমিন জানায়, তার কাছ থেকে নেওয়া হয়েছে ২৬৬০ টাকা। অতিরিক্ত টাকার রশিদও দেননি শিক্ষকরা। এ নিয়ে বাড়াবাড়ি করলে ফরম পূরণে ঝামেলা করছেন তারা। এছাড়া এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিষয় ভিত্তিক অতিরিক্ত আরও ১০০ টাকা করে।
সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল জানান, যাদের টাকা আছে তাদের সন্তানদের জন্য এই ফি দেওয়া সমস্যা নয়। কিন্তু যারা দিন এনে দিন খায় তাদের সন্তানদের জন্য অতিরিক্ত ফি গলার কাঁটা। কিসের ভিত্তিতে সরকারের নীতিমালা অমান্য করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয়।
শিক্ষার্থী অভিভাবক আল আমিন বলেন, আমার ভাগনার কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা ইচ্ছা মতো নির্ধারণ করেছেন পরীক্ষা ফি। 
তিনি বলেন, পার্শ্ববর্তী জনতা উচ্চ বিদ্যালয়, চাঁনপুর উচ্চ বিদ্যালয় এবং জুবিলী উচ্চ বিদ্যালয়ে বোর্ড নির্ধারিত ফি নিলেও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম বিষয়টি অস্বীকার করে বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নাই। তিনি বলেন, ফি নেওয়ার বিষয়টি তিনি দেখভাল করছেন না, বিদ্যালয়ের অপর শিক্ষক ফজলে এলাহি নামের একজন করছেন, তিনিই ভালো বলতে পারবেন।  
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বোর্ড থেকে এবারের এসএসসি’র নির্ধারিত ফি কতো সঠিকটা আমাকে চিঠি দিয়ে জানানো হয় নি। আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা যদি পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত টাকা নিয়ে থাকেন, তাহলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।   
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি পরীক্ষার অতিরিক্ত ফি নিয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার