প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৫ ০৬:৫০
সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সহ—সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রিয় কমিটির সহ—দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। একই সাথে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের সিনিয়র সহ—সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকেও তার নিজ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। বুধবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রিয় যুবদল।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ (দক্ষিণ) জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল কবির মো. মামুন এবং সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. আমিনুর রশিদ কে স্ব স্ব জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আমিনুর রশিদ আমিন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করছেন তার দলের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাক্ষরিত প্যাড ও আমিনুর রশিদ আমিনের ছবি পোস্ট করে অভিনন্দনও জানাচ্ছেন তারা।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুর রশিদ আমিন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান, যুবদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেষ্টা করবো, সুনামগঞ্জ যুবদলকে আরো বেশি সুসংহতভাবে গড়ে তুলতে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন