প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫ ০০:৩৫
মাটিয়ান হাওর । উদ্বিগ্ন হাওরবাসী
মাটিয়ান হাওরের জামলাবাজ নদীর বাঁধে মাটি পড়েনি
মাটিয়ান হাওরের ৫টি ক্লোজার/খাল বন্ধের কাজে এখনো এক টুকরি মাটিও পড়েনি। ক্লোজারগুলো হলো— ধরুন্দ এর ক্লোজার, জামলাবাজ নদীর বাঁধ, বড়দল বাগবাড়ি কুড়ের খাল, চতুর্ভূজ ক্লোজার, পঁুটিমারা ক্লোজার। এ সকল খাল এখন পর্যন্ত শুরু না হওয়ার কারণে হাওরবাসী চরম হতাশা ও দুশ্চিন্তায় রয়েছেন। ক্লোজার/খালগুলো বন্ধের কাজ অনতিবিলম্বে শুরু করার জন্য হাওরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন। এরমধ্যে বড়দল বাগবাড়ি কুড়ের খাল ও পুটিমারা খালের কাজ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার দিয়ে করাবে না প্রকল্প কমিটি দিয়ে করাবে এ নিয়ে দোদুল্যমান অবস্থায় ছিল পাউবো। বড়দল বাগবাড়ি কুড়ের খালটি প্রথমে পাউবো দায়িত্ব দিয়েছিল বড়দল গ্রামের পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি জুয়েল মিয়াকে।
পরে আবার পাউবো জুয়েল মিয়াকে জানায়, বাঁধটি ঠিকাদার দিয়ে করানো হবে। এখন আবার পাউবো জানিয়েছে, বড়দল বাগবাড়ি কুড়ের খালটি পিআইসি দিয়েই তারা করাবে। এ সমস্ত সিদ্ধাহীনতার কারণেই কাজের বিলম্ব হচ্ছে বলে জানান, হাওরপাড়ের কৃষক নেতারা।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরপাড়ের বড়দল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু পাউবো তাহিরপুর উপজেলার ৭৪ টি প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্পের কাজ শুরু করলেও উপজেলার বৃহৎ বোর ফসলি ধানের হাওর মাটিয়ান হাওরের ৫টি ক্লোজারের কাজ শুরু না করায় তারা হতাশ ও চরম উদ্বিগ্ন রয়েছেন। এছাড়া পুঁটিমারা ক্লোজার পাউবো ঠিকাদার দিয়ে কাজ করাবে, না প্রকল্প কমিটি করবে এ নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে। এ বিষয়টিও কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জামলাবাজ গ্রামের কৃষক আক্তার মিয়া জানান, জামলাবাজ নদীর বাঁধটি বিগত বছরগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহে কাজ সম্পন্ন হয়েছে। ফেব্রুয়ারির শুরুতে বাঁধের উভয়পাশে বাঁশ ও চাটাই দিয়ে সেটিংয়ের কাজ করা হয়েছে। এ বছর বাঁধে কাজ শুরু না করায় তারা হাওরের ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
জামলাবাজ নদীর বাঁধের প্রকল্প সভাপতি শামছুজ্জামাল বলেন, বাঁধ নির্মাণের জন্য এক্সকেভেটর মেশিন প্রকল্প এলাকাতে আনা হয়েছে। দুই—একদিনের মধ্যেই কাজ শুরু করবেন বলে তিনি জানান।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, ‘বড়দল বাগবাড়ি কুড়ে’র খালের শুধু ক্লোজারের অংশটি প্রকল্প সভাপতি করবে। বাকী জায়গাটির উভয়দিকে ব্লক সেটিং করবে ঠিকাদার। তবে ‘পুঁটিমারা ক্লোজার’ কাজ করবে শুধু ঠিকাদার। পুঁটিমারার কাজ আজ (সোমবার) থেকে শুরু করা হবে। প্রকল্প এলাকাতে এক্সকেভেটর আনা হয়েছে। ধরুন্দ এর ক্লোজার, চতুর্ভূজ ক্লোজার, জামলাবাজ নদীর বাঁধের কাজও দু’একদিরে মধ্যে শুরু করা হবে বলে জানান উপসহকারী প্রকৌশলী মো. মনির হোসেন।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, মাটিয়ান হাওরের ৫টি ক্লোজারে এখন পর্যন্ত কাজ কেন শুরু করা হয় নি এ বিষয়ে তিনি তাহিরপুরের ইউএনও কে জিজ্ঞেস করে জানার চেষ্টা করবেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন