শাহীনুর পাশার দুরাশা 

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০০

সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশার সঙ্গে দুরত্ব বাড়ছে এই আসনের বিএনপি নেতাদের। সভা সমাবেশ, গণমাধ্যমেও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুইপক্ষ।
নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ‘উছিলায়’ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৎপর মাওলানা শাহীনুর পাশা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেছিলেন মাওলানা শাহীনুর পাশা। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অবশ্য কিছুক্ষণের মধ্যে পোস্টও ডিলিট করেন জমিয়তের গুরুত্বপূর্ণ এই নেতা। 
বিএনপি নেতারা বলছেন, বিএনপির ঘাড়ে চেপে সুনামগঞ্জ—৩ আসনে এমপি হয়েছিলেন শাহিনুর পাশা। তিনি মূলত: একজন ‘সিজনাল পলিটিশিয়ান।’ নির্বাচনের সময় এলাকায় আসেন, নির্বাচন শেষ হলেই আর দেখা যায় না তাকে। মানুষ তাকে ভুলে যায়। আবার নির্বাচনের মৌসুমে আলোচনায় আসার চেষ্টা থাকে তার। এবার ঠিক তেমনটা করেছেন। তাকে শান্তিগঞ্জ—জগন্নাথপুরের বিএনপি নেতা কর্মীরা এমপি বানিয়েছিলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে। এখন তিনিই অকৃতজ্ঞের মতো বিএনপি’র চেয়ারপার্সনকে নিয়ে প্রশ্ন তুলেন। 
দল নির্বাচনে গেলে সুনামগঞ্জ—৩ আসনে দলীয় প্রার্থী থাকবে বলে মন্তব্য করেন স্থানীয় বিএনপির নেতারা। 
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন বললেন, শাহিনুর পাশা চৌধুরী আলোচনায় আসতেই বিতর্কিত কর্মকাণ্ড করছেন। 
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ—সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বললেন, শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ—৩ আসনে একজন ‘সিজনাল পলিটিশিয়ান’। তিনি সুযোগে ধানের শীষ নিয়ে এমপি হয়েছিলেন। অথচ বিএনপি চেয়ারপার্সন আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রশ্ন তুলেন। নির্বাচন এসেছে তাই তাকে দেখা যাচ্ছে। এভাবে সুযোগ সন্ধানী হয়ে রাজনীতি করা যায় না। বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনায় থাকার চেষ্টা করছেন তিনি। তার দল আমাদের সাথে জোটে নেই। সরকার যদি আমাদের দাবি মানে, আমাদের দল নির্বাচনে গেলে দলের প্রার্থী নিয়েই নির্বাচন করবো আমরা। 
সাবেক সাংসদ অ্যাডভোকট শাহীনুর পাশা চৌধুরী বললেন, আমি মৌসুমি রাজনীতিক নই, সব সময় মাঠে আছি। চিকারকান্দি, আস্তমা, পাগলা সব জায়গাতেই আমি যাচ্ছি। কাজ করছি। হয়তো শান্তিগঞ্জে কম আসি কিন্তু জগন্নাথপুরে ঠিকই কাজ করছি। 
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আমি যা বুঝাতে চেয়েছি, বিএনপি নেতাকর্মীরা তা ভালোভাবে বুঝতে পারেন নি। তাই সাথে সাথে পোস্টটি ডিলিট করেছি আমি।
প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সুনামগঞ্জ—৩ আসনের উপ—নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তিনি ২০০৫ ও ২০০৬ সালে এই আসনে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার