শাহিদাবাদ-নলিকাটা বর্ডার হাট ৬ মাস ধরে বন্ধ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:৫৯

দ্রুত চালুর দাবি

তাহিরপুর উপজেলার শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাটটি গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে। হাটটি চালু হওয়ার জন্য কার্ডধারী ব্যবসায়ী ও হাট পরিচালনাকারীদের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। বাংলাদেশ ও ভারতের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের ১২০৩/৭—এস এবং ১২০৩/৮এর মধ্যবর্তী জিরো লাইনে বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকাতে বর্ডার হাটটি উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৪ মে তারিখে। হাট এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে ৭৫ ফুট এবং প্রস্থ ৭৫ ফুট। নিরাপত্তার জন্য হাটের চারপাশে তারকাটার বেড়া ও উভয় দিকে দুটি গেইট রয়েছে। দু’দেশের চুক্তি অনুযায়ী ২৫টি পণ্য উভয় দেশ ক্রয়—বিক্রয় এবং ৫ কিলোমিটার এলাকার জনগণ হাটটিতে ক্রয়বিক্রয়ে অংশগ্রহণ করতেন। ৫ কিলোমিটারের বাহিরের লোকজন বর্ডারহাট পরিচালনা কমিটির অনুমতি নিয়ে হাটে প্রবেশ ও কেনাকাটা করতে পারতেন। উভয় দেশের ২৫টি করে দোকান বরাদ্দ ছিল এবং ৫৪০ জন করে উভয় দেশের কার্ডধারী ক্রেতা ছিল।
শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাটটি বাংলাদেশ অংশের জায়গার নাম শাহিদাবাদ এবং ভারতের অংশের জায়গার নাম নলিকাটা। এ লক্ষে দু’দেশের মতামতের ভিত্তিতে হাটটির নাম দেয়া হয় শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাট।
বর্ডার হাট চালু থাকা অবস্থায় শাকসবজি, মসলা, বনজ দ্রব্য, বাঁশ, লুঙ্গি, প্লাস্টিক সামগ্রী, সিরামিক সামগ্রী, চিনি, পুরাতন কাপড়, ও ফলের রস ইত্যাদি পণ্য বেচাকেনা হতো। তবে এই হাটে নির্দিষ্ট কার্ডধারী ছাড়া অন্য কেউ কেনাকাটা করতে পারতেন না। তবে প্রশাসনের অনুমতি নিয়ে পর্যটক হিসাবে অন্যরা কেনাকাটা করতে পারতেন।
২০০ ইউএস ডলারের বেশি নিয়ে কেউ কেনাকাটা করতে পারতো না। তবে এককভাবে কোন মালামাল কেনা যেতো না। ২০০ ডলারের ভিতরে যে কোন ৫টি পণ্য কিনতে হতো ক্রেতাদের। শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাটটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হাট সংশ্লিষ্ট সকলেই বেকার হয়ে পড়েছেন এবং তারা কষ্টে দিনাতিপাত করছেন। সপ্তাহের প্রতি বুধবারে বর্ডারহাটে কেনাবেচা হতো।
শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাটের কার্ডধারী ব্যবসায়ী পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, ৬ মাস ধরে বর্ডার হাটটি বন্ধ থাকার কারণে তারা পরিবার পরিজন নিয়ে অসুবিধায় রয়েছেন। হাটটি দ্রুত চালু করার জন্য তিনি সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।
শাহিদাবাদ নলিকাটা বর্ডার হাটের স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, হাটটি চালু থাকা অবস্থায় প্লাস্টিক পণ্যের উপর ভারতের লোকজনের অনেক চাহিদা ছিল। প্রতি হাটবারে বাংলাদেশের অনেক কোম্পানির মালামাল হাটে উপচে পড়তো। বিকাল ৪টা বাজার আগেই সকল প্লাস্টিক পণ্য বিক্রি করে ফেলতো ব্যবসায়ীরা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহিদাবাদ—নলিকাটা বর্ডার হাট পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হাসেম বলেন, বর্ডারহাটটি কবে চালু হবে এ বিষয়ে তাঁর কাছে কোন তথ্য নেই। তবে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার