সুপেয় পানির সংকট

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫ ০৭:১৪

তাহিরপুরে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর

তাহিরপুরে ছয় নম্বর হ্যান্ড পাম্প দিয়ে পানি না উঠায় সুপেয় পানির সংকটে রয়েছে হাওরবাসী। তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, সাত ইউনিয়নে সাড়ে চার হাজারের বেশি ছয় নম্বর হ্যান্ড পাম্প (নলকূপ) রয়েছে। এর কোনোটিতেই পানি উঠছে না। তবে সাবমার্সিবল নলকূপে যথারীতি পানি পাওয়া যাচ্ছে। উপজেলার উজান আঞ্চল বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের প্রতিটি ছয় নম্বর হ্যান্ড পাম্পের গভীরতা ২৫০ থেকে ৩০০ ফুট। বাকি ভাটি অঞ্চলের পাঁচ ইউনিয়নে ছয় নম্বর হ্যান্ড পাম্পের গভীরতা ৫৫০ থেকে সাড়ে ৬০০ ফুট। কিন্তু একই গভীরতার সাবমার্সিবল টিউবওয়েলে ভালোভাবে পানি উঠছে।
শুষ্ক মৌসুমে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে হাজার চেষ্টাতেও তাহিরপুরে ছয় নম্বর হ্যান্ড পাম্পগুলোতে পানি উঠছে না। এ কারণে হাওরপাড়ে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।
উপজেলার তাহিরপুর সদর, দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর, দক্ষিণ বড়দল, বাদাঘাট, উত্তর বড়দল ও  বালিজুরী ইউনিয়নের বাসিন্দারা জানান, বেশিরভাগ ছয় নম্বর হ্যান্ড পাম্প দিয়ে পানি উঠছে না। শতবার চাপ দেয়ার পরও পানি ওঠানো সম্ভব হচ্ছে না। অনেকে সাধারণ হ্যান্ড পাম্পে মোটর দিয়ে পানি তুলছেন। আবার কোন কোন স্থানে মোটর লাগানো হ্যন্ডপাম্পেও পানি উঠছে না। তবে সাবমার্সিবল নলকূপে পানি পাওয়া যাচ্ছে। রমজান মাসে ইফতারের আগে যে বাড়িতে সাবমারজিবল নলকূপ আছে, সে বাড়িতে আশপাশের সবাই কলস নিয়ে লাইন ধরে পানি আনতে দেখা যাচ্ছে।
শ্রীপুর গ্রামের কলিন মিয়া বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সাড়ে ৬০০ ফুট পাইপ দিয়ে বাড়িতে ছয় নম্বর হ্যান্ড পাম্প বসানো হয়েছে। এক কলস পানি ওঠাতে অন্তত ২০ মিনিট সময় লাগছে। প্রতি বছর শুষ্ক মৌসুমেই এমন সমস্যা হয়।
ভাটি তাহিরপুর গ্রামের আবিদ মিয়া বলেন, ছয় নম্বর হ্যান্ড পাম্পে পানি মোটর দিয়েও পানি উঠছে না। তার ৫০০ লিটার পানির ট্যাঙ্ক ভরতে সময় লাড়ে তিন ঘন্টা। পাশের বাড়িতে সাবমার্সিবল টিউবওয়েল ব্যবহার হয়। সেখানে পানি ওঠাতে কোন সমস্যা হয় না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন বলেন, শুষ্ক মৌসুমে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্থর নিচে নেমে গেছে। ফলে হাজার চেষ্টাতেও তাহিরপুরে ৬ নম্বর হ্যান্ড পাম্প দিয়ে পানি উঠছে না। তাই দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, তাহিরপুরে ৬ নম্বর হ্যান্ড পাম্প দিয়ে পানি উঠানো যাচ্ছে না। এমন অভিযোগ তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকেও পেয়েছেন। সমস্যা দূরীকরণে সাবমার্সিবল নলকূপ বসানোর জন্য ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে জানাবেন।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার