ভর্তি ফি কমালো শাবিপ্রবি

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫ ১৮:০৪

শিক্ষার্থীদের দাবি ফি কমিয়ে দশ হাজারের মধ্যে আনতে হবে

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪—২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি ২ হাজার ১শত টাকা কমিয়ে ১৪ হাজার ৯শত টাকা করা হয়েছে। এই সিদ্ধান্ত জানানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আবারো সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের দাবি ভর্তি ফি কমিয়ে ১০হাজার টাকার নিচে আনতে হবে।


শুক্রবার (১১ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে প্রশাসন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী একাডেমিক কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালেয়ে সকল কার্যক্রম। আমাদেরকে তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে যাতে তারা ক্লাস, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভায় উপস্থিত সদস্যবৃন্দের আলোচনা—পর্যালোচনা পূর্বক বিভিন্ন খাতের যথার্থতা মূল্যায়নের প্রেক্ষিতে সংযুক্ত তালিকা অনুযায়ী ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফি মোট ১৭,০০০/= (সতের হাজার) টাকার পরিবর্তে মোট ১৪,৯০০/= (চৌদ্দ হাজার নয়শত) টাকা পুণঃনির্ধারণ করা হয়।


উল্লেখ্য, ২০২৩—২০২৪ শিক্ষাবর্ষের ভর্তির ফি থেকে এবার ভর্তি ফি ৩,১০০/= (তিনহাজার একশত) টাকার কম নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা মধ্যে এর সমালোচনা শুরু হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন মামুন পূর্বে শিক্ষার্থীদের দেওয়া ভর্তি ফি না কমালে রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলানোর আল্টিমেটামের কথা উল্লেখ করে লিখেন, ভর্তি ফি ১০ হাজারের নিচে কমানো উচিত এবং কমাতে হবে।

 


তালা ঝুলানোর আলটিমেটামের বরাত দিয়ে তিনি আরো লিখেন, আরো একদিন সময় আছে, প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
মো: খালিদ সাইফুল্লাহ নামে আরেকজন লিখেন, এইটা একটা গল্পের মতো হয়ে গেল। শাবিপ্রবি প্রসাশন ভর্তি ফি একটু বেশি বাড়িয়ে তারপর হালকা কমিয়ে দিল। দুই পক্ষই যেন খুশি থাকে। আমার মতে কমপক্ষে ১০ হাজার বা তার নিচে করা উচিত ছিল।


এদিকে ভর্তি ফি কমানোর জন্য গত ১০ এপ্রিল সাধারণ শিক্ষার্থী এবং শাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। একই দিনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ভর্তি ফি কমানোর দাবি জানায়।


এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, মুদ্রাস্ফীতির কারণে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের কল্যাণের জন্য ফি টা কমানোর। প্রায় প্রতিটি খাত থেকেই সর্বোচ্চ পর্যায়ে টাকার পরিমাণ কমানোর চেষ্টা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি টা সবচেয়ে কম ফি নেওয়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার