নিঃস্ব ১০ পরিবার

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৭:২৪

শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর ও একটি গোদাম পুড়ে ছাড়খার হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব দশ পরিবারের স্থান হয়েছে খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্তরা কোথায় এবং কীভাবে বসবাস করবেন ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। শনিবার রাত সাড়ে ১২টায় ইউনিয়নের সলফ গ্রামের পূর্বপাড়ায় মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্ষতি হয়েছে সম্পদের। ক্ষতিগ্রস্তরা হলেন— গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে মো. আবুল হাসনাত, মো. ছইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, আবদুল মান্নানের ছেলে আবুল লেইচ, আবদুল কাহারের ছেলে আবদুল বাসিত, আবদুল শফিকের ছেলে আবদুল জাহির, আবদুল জলিল, আবদুল মমিন, মৃত আস্কন্দর আলীর আবদুল রব ও আবদুল তাহিদ। ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দশটি বসতঘর পুড়ে একদম ছাড়খার হয়ে গেছে। মাটিতে পড়ে আছে পুড়ে যাওয়া বাঁশ, কাঠ ও টিনের ধ্বংসাবশেষ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনে ভস্মিভূত হওয়া মোরগ, ধান, চাল ও এ্যালুমিনিয়ামের হাড়িপাতিল। সবদিক থেকে আসছে আগুনে পোঁড়ার গন্ধ। আম ও কাঁঠাল গাছও পুড়ে ছাই হয়ে গেছে। দু’একটি ঘরের পাকা পিলার ছাড়া আর কিছুই অবশিষ্ট পাওয়া যায় নি। পায়ের নিচে পড়ে ছিলো ঘরগুলোর পুড়ে যাওয়া ছাই , কানে আসছিল ক্ষতিগ্রস্তদের আহাজারি।
কান্না জড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত আবুল হাসনাত, সাফিয়া বেগম, হুসনারা বেগম, আবদুল মমিন ও নূর নেছা বলেন, আমাদের ঘর থেকে একটি কাপড়ও বের করতে পারি নি। ধারণা করছি, পেছনে থাকা রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমাদের শিশু ও বৃদ্ধ মানুষকে কীভাবে বাঁচাবো তাই নিয়ে বেশি চিন্তিত ছিলাম। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, দলিল—দস্তাবেজ, বই, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন, আসবাবপত্র, ধান, চাল, হাঁস—মোরগ, কৃষি কাজে ব্যবহৃত ৩টি পানির পাম্পসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এখন সরকার ও দেশের মানুষের কাছে সহযোগিতা কামনা করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। আবদুল জাহির বলেন, আমার ঘরের দু’তলায় দোকানের গোডাউন ছিলো। অনেক দূর থেকে আগুন আমার ঘরে এসে সব মালামাল পুড়িয়ে ছাই করে দেয়। আমার অন্তত ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ হবে প্রায় ৩০ লক্ষ টাকা। আমরা সব নিঃস্ব হয়ে গেলাম।
প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আশাদ মিয়া এবং প্রবীণ মুরব্বি আবদুল মকদুস বলেন, রাত সাড়ে ১২টায় হঠাৎ আগুন দেখতে পাই। মুহুর্তেই এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পরে এই আগুন। আগুনের এমন লেলিহান শিখা এর আগে কোনো দিন দেখিনি। ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলে রাস্তা ভালো না থাকায় তাদের আসতে দেরি হয়েছে। তবুও তারা যদি না আসতো, এই আগুন আরও ঘরবাড়ি পুড়াতো, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেই। রাত ১টা ৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করি। ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর মধ্যে ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে। আমরাও ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, আমরা খবর পেয়েছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিকাল ৪টায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে সবকয়টি পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। সপ্তাহখানেক পর কিছু টিনের ব্যবস্থা করার চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। 
এদিকে, ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। তিনি বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। সেই সাথে জেলা প্রশাসক সাহেবের সাথে আমাদের একটি টিম দেখা করে কথা বলবো, আমরা আহ্বান করছি জেলা প্রশাসক ও জেলা ত্রাণ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বাসস্থানের একটি ব্যবস্থা করবেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ^াস দেন ফারুক আহমদ।
অপরদিকে, বিকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও সহযোগিতার করার আশ^াস প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ—সভাপতি আনছার উদ্দিন। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার