ড্যাম কার্যকরে বসেছে বিকল্প মেশিন

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ০৭:২৯

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সুনামগঞ্জ পরিদর্শনকালে কৃষকরা বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাবাদ ইউনিয়নের ভাদেরটেকের গজারিয়া খালের উপর নির্মিত রাবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ফসলহানির শঙ্কা নিয়ে অভিযোগ করেন। অভিযোগ শুনে তাৎক্ষণিক মোবাইল ফোনে রাবার ড্যামের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে ফোনে ক্ষোভ ঝাড়েন। ফোনেই এক সপ্তাহের মধ্যে ড্যাম রিপেয়ার না হলে প্রকৌশলী রিপেয়ার করে দিবেন বলেন উপদেষ্টা। টাকা পকেটে ঢুকাবেন কাজ করবেন না এমন মন্তব্য করলে আলোচনায় আসে ড্যামটি। কৃষি উপদেষ্টার নির্দেশনার পর শুরু হয়েছে গজারিয়া ড্যামের রাবার ফুলানোর কাজ। তবে ড্যামের রাবার ছিদ্রের যে অভিযোগ করা হয়েছিল, তা আগেই মেরামত করা হয়ে গেছে জানিয়েছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী।
ভারতের পাহাড়ি ঢলে ধোপাজান—চলতি নদীর পানি বৃদ্ধি পেয়ে গজারিয়া খাল দিয়ে করচার হাওরে পানি ঢুকে অকালে বোরো ফসল তলিয়ে যাওয়ায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০১৪ সালে ২৭ কোটি টাকা ব্যয়ে গজারিয়া খালের উপর ১৫০ মিটার দৈঘ্যের রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইিডি) এটি নির্মাণ করেন। এরপর থেকে রাবার ড্যাম পরিচালনা করছেন ১২০ সদস্য বিশিষ্ট গজারিয়া খাল রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। সমিতির লোকজন রাবার ড্যামের দেখাশুনা করেন। শুকনো মৌসুমে অবকাঠামো সংস্কার ও মেরামত করেন নির্মাণকারী প্রতিষ্ঠান এলজিইডি।


শনিবার বিকেলে ড্যাম্পটি গিয়ে দেখা যায়, রাবার ফুলানোর কর্মব্যস্ততা চলছে। খালে পানি কম থাকায় রাবার ফুলানোর সরকারি স্থায়ী পাম্পটি চালানো যাচ্ছে না। পাম্পের ফুটবলের (পানি তোলার উপকরণ) কাছে এখনো পানি আসেনি। তাই কৃষি উপদেষ্টার নির্দেশনা পালন করতে গিয়ে বসানো হয়েছে আলাদা দুইটি শ্যালো মেশিন। রাবারের যে স্থান দিয়ে বাতাস বের হবার ব্যবস্থা রাখা হয়েছিল, সেখান দিয়ে দেয়া হবে পানি। এতে ধীরে ধীরে ফুলে উঠবে রাবারের ড্যাম্পটি। বাইরে থেকে আলাদা মেশিন দিয়ে পানি ভরতে সময় লাগবে বেশি। ড্যামে মোট ৩ টি রাবার আছে। একেকটি ভরতে ৪—৫ দিন সময় লাগবে জানিয়েছেন সংশ্লিষ্টরা
পাম্পের কাজে ব্যস্ত জাফর মিয়া বলেন, ‘সরকারি পাম্প যেখান থেকে পানি তুলে রাবারে পানি ভরে সেখানে এখনো পানি আসে নি, পানি অনেক কম। এক্সেন স্যারের নির্দেশনা কৃষকের ধান বাঁচাতে হবে তাই আলাদা দুইটি শ্যালো মেশিন আজকে বসিয়েছি, আগামীকাল আরও একটি যোগ হবে।’
সমিতির সভাপতি ভাদেরটেক গ্রামের শাহ পরান বলেন, বর্ষা মৌসুমে রাবারের উপর দিয়ে নৌকা চলে। তখন প্রপেলার বা বৈঠা লেগে যায়। এছাড়াও রাবারটি অনেক পুরনো তাই ছিদ্র হয়ে যায়। একটি প্রকল্পের মাধ্যমে আমরা কয়েকদিন আগে ছিদ্র মেরামত করিয়েছি। এবছর নদীর পানি অনেক কম। রাবারের কাছাকাছি এখনও পানি আসেনি। রাবার থেকে খালের পানি ৬ ফুট নিচে আছে ও নদীর পানি প্রায় ১০ ফুট নিচে আছে। তাই এখন হাওরের পানি নদীতে নামছে। নদীর পানি বাড়লে রাবার ফুলিয়ে দেয়া হয়। নদীর পানি বাড়ার আগেই যেহেতু উপদেষ্টা আদেশ দিয়েছেন তাই বিকল্প ব্যবস্থার মাধ্যমে ড্যাম ফুলানোর কাজ শুরু করেছি।


এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বললেন, রাবার ড্যামটি ২০১৪ সালে নির্মাণ করা হয়েছে। এটি রক্ষাণাবেক্ষণ করেন সমিতির লোকজন। গত বছর তারা সোয়া লাখ টাকা ব্যয় করে এটি মেরামত করে হাওররক্ষা করেছেন। ইতোমধ্যে ছিদ্র মেরামতের কাজও শেষ।  ২৫ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে গার্ড ওয়াল, ব্লক, সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। রাবার ফুলানোর কাজও শুরু হয়ে গেছে, ৩—৪ দিনের ভেতর শেষ হবে আশা করি। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার