প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ২৩:১৯
শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধসে পানিতে পড়ে যায় ইয়াছিন নামের সাত বছরের এক শিশু। কিছুক্ষণ পর মৃতদেহ উদ্ধার করেছেন তার বাবা ও অন্যান্য আত্মীয়রা।
শনিবার বিকাল ৫ টায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন জয়সিদ্ধি গ্রামের আবদুস শহিদের ছেলে।
নিহত শিশুর বাবা আবদুস শহিদ জানান, প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াছিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াছিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াছিনের বাড়িতে খবর পৌঁছালে তার বাবাসহ অন্যান্যরা পুকুরে খোঁজাখুঁজি করে ইয়াছিনের নিথর দেহ উদ্ধার করে। পরে তাকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াছিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন