ফলোআপ

প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৯ মে, ২০২৫ ২২:৪৫

দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় ‘তাহিরপুরে প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস’ শিরোনামের প্রকাশিত শীর্ষক সংবাদটি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। এর প্রেক্ষিতে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রশ্ন ফাঁস হওয়া সকল বিষয়ের পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম। এর আগে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ শিক্ষা প্রশাসনের নজরে নড়ে।


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন, শুক্রবার দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় ‘তাহিরপুরে প্রাথমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস’ শীর্ষক সংবাদ নজরে পড়ে আমার। এ ঘটনায় উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়ালকে প্রধান করে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফাঁস হওয়া প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা নিতে বলা হয়েছে।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আব্দুল হাকিম তার ফেসবুক আইডিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি আপলোড দিয়ে তিনি লিখেন, কি হচ্ছে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরীক্ষার আগের দিনেই প্রশ্নপত্র শিক্ষার্থীর হাতে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের অধিকার কোথায় পেলেন? কিছুক্ষণের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, অনেকেই পোস্টটি শেয়ার করেছেন এবং অনেকেই কমেন্ট করে লিখেছেন এমনভাবে আমাদের শিশুদেরকে প্রাথমিক অবস্থায় মেরে ফেলেছেন, আপনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবার কেউ কেউ লিখেছেন বিষয়টি দুঃখজনক, আবার কেউ লিখেছেন দ্রুত এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


সূত্রে জানায়, তাহিরপুর উপজেলায় এবার প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) প্রথম দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রের কাছ থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, প্রাথমিক বিজ্ঞান ও বাংলা প্রশ্ন দেখা যায়। আগামী ১৮ মে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, ১৫ মে প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, ১৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথচ পরীক্ষার আগেই ছাত্রের হাতে এসব প্রশ্নগুলো দেখা যায়।


ওই ছাত্র জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার হাতে এ প্রশ্নগুলো দিয়েছেন।


চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরিন সালমার বলেন, প্রশ্নপত্র শর্ট (কম পড়ায়) হওয়ায় এক ছাত্রকে দিয়ে ফটোকপি করাতে বাজারে পাঠানো হয়েছিল। পথিমধ্যে একজন প্রশ্নগুলো ছাত্রের হাতে দেখে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে। তিনি বলেন, ছাত্রকে দিয়ে ফটোকপি করানো তার উচিত হয়নি।


তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাহিরপুর থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। এসব প্রশ্নপত্র বাতিল দিয়ে নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষিকার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার