সড়কের বেহাল দশা 

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ০৯:২৬

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামে হাজারো মানুষের বসবাস। গ্রামের একমাত্র সড়ক পথের বেহাল দশায় হাজারো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে ইনাতনগর গ্রাম ও ইনাতনগর উত্তরপাড়া জামে মসজিদের সামনে থেকে মহাসিং নদীর পাড় পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার কাঁচা সড়কসহ সড়কটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। পাকা অংশের কোথায়ও ভেঙে যাওয়া, কোথাও দেবে যাওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে ছোট—বড় গর্তের। ভাঙা আর গর্তের কারণে এই সড়কে রিকশা, সিএনজির চলাচলেও সমস্যা হচ্ছে। যানবাহনের চালকরা সব সময় চরম ঝুঁকি নিয়ে চলাচল করেন।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইনাতনগর গ্রামের সড়কের অনেক স্থানে পাকা ঢালাই ভেঙে গেছে। সড়কের শুরুর কালভার্ট থেকে কবরস্থান পর্যন্ত এবং ফজলু মিয়ার বাড়ির সামনে থেকে ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত স্থানের দুইপাশের বেশিরভাগ জায়গায় মাটি ধসে গেছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সড়কটি। যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় পথচারীদের মাঝে ভীতি কাজ করে। এই অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। পথচারীদেরও দুর্ভোগ বাড়ছে। গর্তের কারণে কোন সময়ে যাত্রী নিয়ে উল্টে যায় যানবাহন। 
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক ব্যবহার করে আশপাশের গ্রামের মানুষসহ প্রায় ৭/৮ হাজার মানুষ চলাচল করেন। এছাড়াও এখানে রয়েছে ইনাতনগর পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া নূরানী মাদ্রাসা। এছাড়াও রয়েছে ইনাতনগর কমিউনিটি ক্লিনিক। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রোগীরা ব্যবহার করেন এই সড়ক পথ। দেখার হাওরের পাড়ের (বরকুল হাওর) কৃষকদের চলাচলের ভরসাও এই সড়কে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে যানবাহনের মাধ্যমে আসেন। রাস্তার বেহাল দশার কারণে অনেক সময় যানবাহন উল্টে যাওয়ার উপক্রম হয়। 
সূত্র জানায়, বেসরকারি সংস্থা এলজিইডির অর্থায়নে ২০০৩ সালে সড়কটি প্রথমবার পাকাকরণ হওয়ার পর এখন পর্যন্ত চোখে পড়ার মতো দৃশ্যমান কোনো সংস্কার লক্ষ করা যায় নি। বর্তমানে এটি যানবাহন ও চলাচলের জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। এলাকার লোকজনের অভিযোগ, সড়কের বড় ধরণের ও স্থায়ী সংস্কার কাজের জন্য জনপ্রতিনিধির কাছে গিয়ে সংস্কারের জন্য অনেকবার অবগত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
এই সড়ক ব্যবহার করে নিজ বাড়িতে নিয়মিত চলাচল করেন ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য আলী আহমদ। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে সড়কটির স্থায়ী ও দীর্ঘ মেয়াদি উন্নয়ন সংস্কারের জন্য চেষ্টা করে যাচ্ছি। বড় কোন বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ করতে পারছি না। আমরা সড়কটি সংস্কার কাজের জন্য এলজিইডি অফিসসহ স্থানীয় প্রশাসনের কাছেও গিয়েছি অনেকবার। আশা করছি, কর্তৃপক্ষ আমাদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে সড়ক সংস্কারের কাজে এগিয়ে আসবেন। 
ভুক্তভোগী আবদুল লতিফ বলেন, এই রাস্তার অবস্থা খুব খারাপ। যদি এই করুণ অবস্থা চলতে থাকে তাহলে অচিরেই এই সড়কে কোনো যানবাহন চলাচল করবে না। গাড়ি নষ্ট হয়ে হয়ে যাওয়ার ভয়ে এই সড়কে কোনো গাড়ি ঢুকবে তো দূরের কথা রিকশাও প্রবেশ করবে না। তাই আমাদের দাবি এই রাস্তাটি যেনো দ্রুত সংস্কার সংস্কার করা হয়।
রিকশা চালক ফয়জুদ্দিন বলেন, অনেক সময় মানুষজন রিকশায় উঠতে চায় না। একবার সড়ক দিয়ে গেলে শরীর ব্যথা করে। তাড়াতাড়ি সড়কের কাজ হওয়া দরকার। 
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, আমার কাছে যে বরাদ্দ আসে তা একেবারেই কম। রাস্তাটি বড়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সড়কের কাজের জন্য আবেদন করেছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। এলজিইডি কর্তৃপক্ষ চাইলে এই কাজটি করে দিতে পারেন। এটা ছাড়াও আরো দু’একটি রাস্তা আছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দের পরিমাণ খুব কম থাকার কারণে আমার দ্বারা সব কিছু হয়ে উঠে না।
শান্তিগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাজেদুল আলম বলেন, ছোট—বড় সব ভাঙন সম্পর্কে আমরা অবগত আছি। ছোট ছোট সমস্যা সমাধানের কাজ খুব দ্রুতই শুরু হবে। বড় কাজগুলো করতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি সেগুলোও হয়ে যাবে। 


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার