প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ২১:০২
হাজারো দর্শকের উপস্থিতিতে ফুটবল উন্মাদনা
দুপুর থেকেই দর্শকদের উপস্থিতি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকেও এসেছেন ফুটবলপ্রেমিরা। কেউ একা কেউবা এসেছেন দল বেঁধে। উপলক্ষ্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করা। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই দর্শকেপূর্ণ জেলা স্টেডিয়ামের সবকয়টি দর্শক গ্যালারি।
দাঁড়ানোর জায়গাও নেই দর্শক গ্যালারিতে। গ্যালারি ছেড়ে মাঠের ভেতরেও চতুর্পাশে দাঁড়িয়ে, কাদা পানিতে বসে খেলা দেখেছেন শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাঠের ভেতর ছাড়া আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল। একটু পর পরই নিজ সমর্থিত দলের জন্য চিৎকার করে দিচ্ছেন উৎসাহ। এমনি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফুটবল উন্মাদনা ছড়িয়ে ছিল পুরো স্টেডিয়ামজুড়ে।
শুক্রবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে প্রায় মাসব্যাপী অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা। খেলায় প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই নূরের অসাধারণ একটি গোলে এগিয়ে যায় ছাতক। ৬৮ মিনিটে ছাতক উপজেলার ডি বক্সের ভেতরে হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সে সিদ্ধান্ত প্রথমে মেনে না নিলেও নানা নাটকীয়তার পর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পেনাল্টি শুট ফেরাতে রাজি হলে গোল করেন সদরের সাইবুর। নির্ধারিত সময় শেষে ১—১ গোলের সমতা নিয়ে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪—৩ গোলে বিজয়ী হয়ে শিরোপা ঘরে তুলে নেয় সুনামগঞ্জ সদর উপজেলা।
খেলা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল সহ অন্যান্যরা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সদর উপজেলা দলের ক্যাপ্টেন ইকবাল ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ছাতকের রাজ।
পুরষ্কার বিতরণের পূর্বে টুর্নামেন্টের আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, টুর্নামেন্টে এতো দর্শকদের উপস্থিতি আমাদের আনন্দিত করেছে। ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করায় সকল খেলোয়াড়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুনামগঞ্জবাসিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমি পুরো খেলা দেখেছি। খেলাটি আমাকে খুব আনন্দ দিয়েছে। আমার মতো সুনামগঞ্জের হাজার হাজার দর্শক খেলা দেখে আনন্দিত হয়েছেন। এই আনন্দ আমাদের ফুটবল দিয়েছে। সুনামগঞ্জের মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে আরও খেলাধুলা আমরা আয়োজন করবো।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাজরান হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন