প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ২১:৪৫
তাহিরপুরে মা সমাবেশে অভিভাবকদের সামনেই খসে পড়েছে বিদ্যালয় ভবনের পলেস্তারা। এ নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকগণ।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলা সদরের রতনশ্রী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হঠাৎ অফিস রুমের ছাদের পলেস্তারা খসে পড়ে, তবে এতে কেউ আহত হন নি।
আতঙ্কিত হয়ে উপস্থিত অভিভাবকরা জানান, এই বিদ্যালয়ের প্রত্যেকটা রুমের দেয়ালে ও ছাদে ফাটল দীর্ঘদিন ধরে। রুমগুলোর ছাদের বিভিন্ন অংশে পলেস্তারা নেই। আজকে মা সমাবেশ চলাকালে অফিস রুমের প্রধান শিক্ষকের টেবিলে হঠাৎ পলেস্তারা খসে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনে ছেলে মেয়েদের পাঠাতে ভয় লাগছে তাদের। অভিভাবকদের দাবি, দ্রুত বিদ্যালয়ে পাঠদানের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে বা নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
.jpg)
বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য রব্বানী বলেন, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। দেয়ালে ফাটল, ছাদে পানির চৌচির দাগ এবং কোথাও কোথাও লোহার রড বেরিয়ে এসেছে। শিক্ষক—শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী রায় জানান, বিদ্যালয় ভবনটি অনেক আগ থেকেই জরাজীর্ণ। তিন—চার বার বিভিন্ন বরাদ্দ থেকে ছাদ মেরামত করেছি। কিন্তু মিস্ত্রীরা জানিয়েছে ছাদের টেম্পার নেই আর মেরামত করেও কাজ হবে না। বৃষ্টির দিনে অফিস রুমে বৃষ্টির পানি পড়ে, অফিসে বসা যায় না। তাছাড়া প্রতিটা রুমেই এমন অবস্থা। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় নি। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়া বলেন, শুনেছি ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি জেনেছি। দ্রুত ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেখা হবে এবং ইউএনও মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলার খবর থেকে আরো পড়ুন