নামে ও দামে ‘বাহাদুর’ 

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ০৮:২৭

এবার পশুর হাটগুলোতে গরু বিক্রেতা বেশি দেখা গেলেও ক্রেতা তুলনামূলক ভাবে কম। জেলার বৃহৎ বাদাঘাট, চিনাকান্দি, জাউয়া, শান্তিগঞ্জ, মহেশখলা বাজারসহ অন্যান্য হাটগুলো গবাদিপশুতে সয়লাব। দেশি ও বিদেশি গরুতে জমজমাট বাজারগুলো। বিক্রেতারা বলছেন, ঈদ যতো ঘনিয়ে আসছে, ততই কোরবানির গরু বিক্রি বাড়ছে। তবে অনেকেই বলছেন, এবার নদীতে বালু—পাথর উত্তোলন বন্ধ থাকায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে।
প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এবার ছোট বড় স্থায়ী পশুর হাট ২৫টি এবং অস্থায়ী ৪১টি। জেলায় খামারির মোট গবাদিপশুর সংখ্যা ৫২ হাজার ৪৯১টি। পশুর হাট নজরদারি ও চিকিৎসার জন্য ১১টি কন্ট্রোল রুম ও ২৩টি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। 
এরমধ্যে সদর উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে ২টি, স্থায়ী পশুর হাট আছে ৪টি এবং অস্থায়ী ৪টি। ছাতক উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম ৩টি, স্থায়ী পশুর হাট ২টি ও অস্থায়ী ৬টি। জগন্নাথপুর উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর হাট ২টি ও অস্থায়ী ১২টি। দিরাই উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম ৩টি, স্থায়ী পশুর হাট ১টি ও অস্থায়ী ৩টি। দোয়ারাবাজার উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম ৩টি, স্থায়ী পশুর হাট ৮টি ও অস্থায়ী ১টি। তাহিরপুর উপজেলায় কন্ট্রোল রুম ১টি এবং ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর ১টি ও অস্থায়ী ৩ টি। বিশ্বম্ভরপুর উপজেলায় কন্ট্রোল রুম ১টি, ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর হাট ৩টি ও অস্থায়ী ৪টি। জামালগঞ্জ উপজেলায় কন্ট্রোল রুম ১টি, ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর হাট ১টি ও অস্থায়ী ২টি। ধর্মপাশা উপজেলায় কন্ট্রোল রুম ১টি, ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর হাট নেই, তবে অস্থায়ী রয়েছে ৪টি। শাল্লা উপজেলায় কন্ট্রোল রুম ১টি, ভেটেরিনারি মেডিকেল টিম ১টি, স্থায়ী পশুর হাট নেই, তবে অস্থায়ী রয়েছে ১টি। শান্তিগঞ্জ উপজেলায় কন্ট্রোল রুম ১টি, ভেটেরিনারি মেডিকেল টিম ২টি, স্থায়ী পশুর হাট ২টি ও অস্থায়ী ২টি। 
গত রবিবার জেলার বড় বাজার হিসেবে পরিচিত বাদাঘাট গরু হাটে গিয়ে দেখা যায়, স্থানীয় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে শত শত গরু উঠেছে। বড়, ছোট, মাঝারিসহ সব ধরণের গরু এই বাজারে রয়েছে। হাটের এক কোনায় মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখা যায় ‘বাহাদুর’ দাঁড়িয়ে আছে নবাবের মতো, আর বাহাদুরকে দেখছেন উৎসুক জনতা। এ বাজারেই আকারভেদে ৪০ থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। গরু বাজারে উপজেলা প্রশাসনের নিযুক্ত তহশিলদার একপাশ থেকে ইজারা আদায় করছেন এবং তহসিলদারকে সহযোগিতা করছেন স্থানীয়রা। বাজারে গরু ক্রয় করার থেকে, দেখা ও দাম যাচাইকারী মানুষের সংখ্যাই বেশি দেখা গেছে। কম দামে ক্রেতারা খুশি হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কিছু কিছু বিক্রেতা।
সারোয়ার হোসেন নামে এক ক্রেতা বলেন, আজকে এই বাজারে গরুর আমদানি এতো বেশিও না আবার কমও না। তবে গতবারের চেয়ে এবার দাম একটু কম মনে হচ্ছে, আমি একটি গরু কিনেছি।
মাহিবুর নামে আরেক ক্রেতা বলেন, এখনও কয়েকদিন বাকি আছে, দেখতে এসেছি, পছন্দ ও দরদামে হলে একটা কিনে নেব। তবে এবার গরুর চাহিদা কম হলেও আমদানি বেশি।
তাহিরপুর উপজেলার খাশতাল গ্রামের খামারি শহীদ মিয়া বলেন, বাজারের সবচেয়ে বড় গরু ‘বাহাদুর’ আমার।  বাহাদুরের জন্য এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার টাকা দাম বলেছেন ক্রেতারা। ৪ লাখ হলে আমি বিক্রি করে দেব। 
নুরেছা বেগম নামে এক নারী গরু বিক্রেতা বলেন, ৪০ হাজার টাকা দিয়ে গত বছর এই গরুটি কিনেছিলাম, এবার এই গরুর দাম ৯০ হাজার টাকা বলেছেন ক্রেতারা। আমি এক লাখ টাকা হলে বিক্রি করে দেব।
গরু ব্যবসায়ী সিরাজ মিয়া বলেন, ছোট—বড় মিলিয়ে ১৫টি গরু হাটে নিয়ে এসেছি। এ বাজারে অনেক গরু এসেছে, কিন্তু কেনার মানুষ কম। গরু বিক্রি হচ্ছে তবে একটু কম, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বিক্রি বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
এ হাটের ইজারা (খাস কালেকশন) উত্তোলনকারী তাহিরপুর তহশিল অফিসের তহশিলদার মো. জহুর আলম বলেন, প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই বাজার বসে। এলাকার সবচেয়ে বড় হাট এটি। এরই মধ্যে গরুর হাটটি বেশ জমে উঠেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা রয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, জেলায় এবার ছোট বড় স্থায়ী ২৫টি এবং অস্থায়ী ৪১টি পশুর হাট বসেছে। প্রতিটি হাটে তাদের মেডিকেল টিম রয়েছে, কোন গরু বা পশু অসুস্থ হলে সেবা দিচ্ছেন তারা। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার