প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ২০:৪৮
ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন স্পট টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রী), বারেকটিলা, শিমুল বাগান ও অপরূপ সৌন্দর্যে্যর নদী যাদুকাটা। দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওর এখন পানিতে টইটুম্বুর।
হাওরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিজল—করচ গাছ। দূরের পাহাড় যেন জলরাশিতে মিলেমিশে একাকার। হাওরের ঢেউ, সারি সারি হিজল — করচ গাছ ও পাখির ডাক সব মিলিয়ে ভিন্নরূপ ধারণ করেছে এখন হাওর।
বুধবার সরজমিন গিয়ে দেখা গেছে, টাঙ্গুয়া হাওরে বিলাসবহুল ৯০টি হাউজবোটসহ ছোট বড় অসংখ্য পর্যটকবাহী ট্রলার আগত পর্যটকদের নিয়ে ওয়াচ টাওয়ারে অবস্থান করছেন। বোটের মধ্যে পর্যটকরা হৈ—হুল্লোড় সহ গান বাজনা করছেন। পর্যটকরা ওয়াচ টাওয়ারে নৌকা রেখে যে যার মতো সাঁতার কাটছেন এবং প্রিয়জনদের সঙ্গে জলকেলি করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে জেলা শহরের সাহেববাড়ী ঘাট, বৈঠাখালী ঘাট ও ওয়েজখালী ঘাট এবং আনোয়ারপুর ঘাট, তাহিরপুর সদর ঘাট থেকে পর্যটকরা হাউসবোটে হাওরে যাচ্ছেন। পরে এখান থেকে বিকালে শহীদ সিরাজ লেক (নিলাদ্রী), বারেকটিলা, শিমুল বাগান, যাদুকাটা নদী সহ মেঘালয় পাহাড়ের দৃশ্য উপভোগ করছেন। বিলাসবহুল হাউজবোটের দুই দিনের প্যাকেজ এবার বিক্রয় হচ্ছে জনপ্রতি ৪ থেকে ১২ হাজার টাকায়। আবার কেউ কেউ এরচেয়ে বেশি বাড়া করেও হাওরে ঘুরছেন। সীমান্ত এলাকায় বিজিবি পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে।
.jpg)
সুনামগঞ্জ হাউসবোট ও ওনার্স এসোসিয়েশনের সভাপতি আরাফাত আকন্দ জানান, তাদের ৯০টি হাউজবোটের সবকয়টিই বুকিং হয়েছে। এবার সকল বোটের অন্যান্য প্রস্তুতির পাশপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা, পর্যটকদের লাইফ জ্যাকেট ও নিরাপত্তার ব্যবস্থা সন্তোষজনক করে বোট চালানো হচ্ছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ঈদের ছুটিতে টাঙ্গুয়া হাওরে এবার পর্যটকদের উপচেপড়া ভিড়। পুলিশ সব স্পটেই সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও নৌ—পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশও হাওরে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বলেন, টাঙ্গুয়া হাওরে ভ্রমণ নীতিমালা মেনে সকল বোটকে পর্যটকদের নিয়ে ঘুরতে বলা হয়েছে। যারা নীতিমালা মানছেন না তাদের আইন অনুযায়ী ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এবার টাঙ্গুয়া হাওরে অসংখ্য পর্যটক এসেছেন। সীমান্ত এলাকা সহ সকল পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন