বিরল রোগ অনিশ্চিত সামীর জীবন

প্রকাশিত: ১৭ জুন, ২০২৫ ২১:১২

পড়তে যাওয়া হচ্ছে না অস্ট্রেলিয়ায়

-ছবি সু.খবর

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইয়াহিয়া সামী। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে স্বপ্ন দেখছিল বিদেশে উচ্চ শিক্ষার। স্বপ্ন সত্যির দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল সামী।

গত ৫ মে অস্ট্রেলিয়া রাজধানী সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছে সে, সময় মতো ভিসাও চলে এসেছে। তবে এই খুশী আর বেশিদিন স্থায়ী হয়নি সামী ও তার পরিবারের। ভিসার খবর পাওয়ার পর ৪ জুন হঠাৎ অসুস্থ বোধ করে সামী। হাসপাতালে নিয়ে গেলে প্রথমে ধরা না পড়লেও নানা পরীক্ষা নীরিক্ষা শেষে ধরা পড়ে বিরল রোগ গুইলেন বারে সিন্ড্রোম বা জিবিএস নামের নিউরোলজিকাল রোগে আক্রান্ত হয়েছে সামী। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল, দিতে হয় অতি মূল্যবান ৩০টি ইঞ্জেকশন। বর্তমানে সামী সিলেটের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরার আইসিইউ ইউনিটের ভেন্টিলিশন বা লাইফ সাপোর্টে স্বনামধন্য চিকিৎসক মতিউর রহমানের অধীনে চিকিৎসাধীন আছে। 

 


সামী শহরের আলীপাড়ার বাসিন্দা হোমিও চিকিৎসক এম আর শামীম ও রুনা আক্তার দম্পতির বড় ছেলে। এক বোন এক ভাইয়ের মধ্যে সামী বড়। সামীকে ঘিরেই পরিবারের সকল স্বপ্ন। সামীকে ইতোমধ্যে ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৩০টা ইঞ্জেকশন ও অন্যান্য চিকিৎসা দেয়া হয়েছে। ইঞ্জেকশন ও চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সামীর বাবা। একমাত্র ছেলের জন্য নিজের সঞ্চয়, দোকানপাটসহ যা ছিল সর্বস্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো হাসপাতালের লাইফ সাপোর্টে থাকায় প্রতিদিন প্রায় লাখ টাকা বিল আসছে। চিকিৎসা ব্যায় মেটাতে মেটাতে যা পরিশোধের সামর্থ্য এখন আর নেই সামীর পরিবারের। তাই সামীর জন্য কাঁদছেন তার পরিবার ও সহপাঠীরা। বন্ধুর জীবন বাঁচাতে বিত্তবানদের দ্বারে দ্বারে যাচ্ছেন সামীর স্কুল কলেজের বন্ধুরা, করছেন ক্যাম্পেইন। ফেসবুকেও ভাসছে সামীর বন্ধু সহ শহরের অনেক মানুষের আর্তনাদের পোস্ট। উদ্দেশ্য একটাই, সবাই বাঁচাতে চান সামীকে। টাকার কাছে যেন হেরে না যায় মেধাবী সামী। এদিকে মানবিক সাড়া দিয়ে এগিয়েও আসছেন অনেকেই।


সামীর বন্ধু ইকরাম সিয়াম বলেন, অর্থের অভাবে বন্ধু আর বন্ধুত্বের মৃত্যু হতে পারে না। সেজন্য আমরা বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছি, বিভিন্ন সংগঠকদের সাথে যোগাযোগ করছি। আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো অর্থের যোগান দিতে চাই। সুনামগঞ্জ শহরে অনেক বিত্তবান লোক আছেন, যারা চাইলেই সামীর প্রাণ বাঁচাতে সহযোগিতা করতে পারেন। তাদের সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। 

 


সামীর বাবা এম আর শামীম বলেন, ছেলে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষায় যাওয়ার আনন্দে যখন ভাসছিলাম ঠিক তখন বিষাদ নিয়ে আসে আমার ছেলের অসুস্থতা। প্রথমে তেমন কিছু না ভেবেছিলাম, পরে জানতে পারি বিরল একটি রোগে আক্রান্ত হয়েছে সে। একমাত্র ছেলের এই অবস্থা আর সইতে পারছি না। যা ছিল সব বিক্রি করে চিকিৎসা করাচ্ছি। ইতোমধ্যে ১৫ লক্ষ টাকা চলে গেছে। এখনো প্রতিদিন লাখ টাকা হাসপাতাল বিল আসছে। যা ছিল সব শেষ করে দিয়েছি, এখন টাকা কোথায় পাবো জানি না। আমার আত্মীয়—স্বজন ও সামীর বন্ধু—বান্ধব—শুভাকাক্সক্ষীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি শামীম। কান্নায় ভেঙে পড়ে বলেন, যেভাবেই হউক একমাত্র ছেলেকে সুস্থ দেখতে চাই। আমার ছেলে আমার বুকে ফিরে আসুক, এজন্য যা যা করতে হয় করবো। আল্লাহ যদি চান আর সমাজের বিত্তবানরা যদি আমার ছেলের পাশে দাঁড়ায়— হয়তো দ্রুত সুস্থ হবে আমার সামী।


ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য বলছে, ‘জিবিএস’ একটি বিরল রোগ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে স্নায়ুকে আক্রমণ করে। যেখানে শরীর তার নিজস্ব কোষ এবং টিস্যুকে চিহ্নিত করে এবং আক্রমণ করে, এতে স্নায়ুর ক্ষতি হয়, যা সাধারণত পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি মূলত পেশী দুর্বলতা, পক্ষাঘাত এবং অন্যান্য স্নায়বিক সমস্যা সৃষ্টি করে। এই রোগ কেন হয় তা এখনো জানা সম্ভব হয়নি। জিবিএসে আক্রান্ত হলে সাধারণত দুর্বলতা, পক্ষাঘাত, স্পর্শকাতরতা বা অনুভূতি কমে যাওয়া এবং শ্বাসকষ্ট দেখা যায়। রোগের তীব্রতা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হতে পারে এবং এর চিকিৎসা প্রায়শই বিশ্রাম, শারীরিক থেরাপী এবং কিছু ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে সাহায্য করে এমন ওষুধ ব্যবহার করে করা হয়। 

 


মেধাবী সামী’র প্রাণ রক্ষায় সহযোগিতা করতে পারেন (মায়ের ব্যাংক একাউন্ট: Mst Runa Akter Chowdhury, A/c 620110 3433 672001, Brak Bank, Sunamgonj Branch, Bangladesh) ও বিকাশ (পারসোনাল) মতিউর রহমান শামীম তালুকদার, নাম্বার ০১৬৭৭৮৯৫৮৮২।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার