প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৩ ০৭:০২
আশ্রয়ণ প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ৯টি গ্রামে ৪০৩ টি ঘর সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়েছে। এতে খুব খুশি ঘর পাওয়া মানুষজন। বর্তমানে উপজেলার পূর্ব পাগলা ইউয়নিয়নের দামোদরতপী পয়েন্ট সংলগ্ন দক্ষিণ—পশ্চিমে দেড় একর সরকারি খাস ভূমির উপর আরও ৫০টি সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, টিনের চালসহ সেমি পাকা প্রতিটি ঘর তৈরিতে ২ লক্ষ ৮৯ হাজার ৭শ’ টাকা করে খরচ ধরা হয়েছে। দামোদরতপীতে আশ্রয়ণ প্রকল্পের ৫০ ঘরে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ ৮৫ হাজার টাকা। চলতি বছরের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হবে ডিসেম্বরে। এই পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আস্তর করা, টিন লাগানোসহ কিছু কাজ এখনো বাকী। তবে ডিসেম্বরের আগেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পিআইও অফিস।
সুবিধাভোগী প্রতিটি পরিবার পাবেন ২ টি শয়ন কক্ষ, ১টি রান্না ঘর। ঘরের পাশেই থাকবে একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। ল্যাট্রিনের সাথে থাকবে তিন চাকার রিং ট্যাঙ্কি। বিশুদ্ধ পানি পানের জন্য সমস্ত আশ্রয়ণ প্রকল্পে থাকবে ৬টি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল)। এগুলো স্থাপন করা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে। সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে সুন্দর একটি সড়ক গিয়েছে আশ্রয়ণ প্রকল্পের গ্রামে। ভালো যাতায়াত ব্যবস্থার পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের এ ঘরগুলোর প্রায় ৫শ মিটারের মধ্যে আছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, মসজিদ সহ সব ধরণের নাগরিক সুবিধা।
সূত্র জানায়, উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভূমিহীন—ঘরহীন পরিবারকে দামোদরতপীর আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার কথা ভাবছে পিআইও অফিস। বিশেষ করে জয়কলস ইউনিয়নের সদরপুর সেতু সংলগ্ন গাঙেরহাটি নদী ভাঙনের শিকার হওয়ার ৮টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির ও পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. রফিক খান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। দেশের সকল মানুষের কথা তিনি চিন্তা করেন। ভূমিহীন মানুষদের কথা চিন্তা করেই তিনি এই প্রকল্প গ্রহণ করেছেন। আমরা আশাবাদী এবং বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে দেশে একজন মানুষও ভূমিহীন ও ঘরহীন থাকবেন না। জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ হায়াৎ কামনা করি। সেই সাথে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শান্তিগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপজেলায় ইতোমধ্যে ৪০৩ টি ঘর উদ্বোধন করেছেন। ৫০টি ঘরের কাজ আগামী নভেম্বরের মধ্যে শেষ হলে নির্বাচনের আগেই গৃহহীনদের হস্তান্তর করা হবে। দ্রুত প্রকল্পের কাজ হচ্ছে। সামনের মাসেই কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।
উপজেলার খবর থেকে আরো পড়ুন