বাপ-দাদার পেশায় এখন আর জীবন চলে না

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ২২:৪৪

জামালগঞ্জ উপজেলার ব্যস্ততম এলাকা সাচনা বাজার। প্রতিনিয়ত হাজারো মানুষ নানা প্রয়োজনে বাজারে যাতায়াত করেন। এখানেই জীবনের তাগিদে নানান কাজ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। তেমনই একজন দেবু রবি দাস। তিনি সাচনা বাজারে কালীগাছের নিচে বসে কাজ করেন। তবে দেব’র দৃষ্টি লেগে থাকে সড়কে চলাচলরত মানুষের পদযুগলে। কারণ নষ্ট জুতা সেলাই ও ব্রাশ দিয়ে পরিপাটি রং করাই তার জীবিকার মাধ্যম। 

 


দেবু রবি দাস বলেন, মানুষ এখন আর জুতা সেলাই করে না। আমার মনে হয় মানুষের পায়ের জুতা ছিঁড়ে না। ছিঁড়লেও আর পড়ে না, নতুন জুতা কিনে পড়ে। বাপ—দাদার এই পেশায় এখন আর জীবন চলে না। আগে প্রতিবছর ঈদ ও পূজায় এলে ব্যস্ততা বেড়ে যেত। তবে এখনকার ঈদ ও পূজার চিত্র আলাদা। সকলেই নতুন জুতা কিনে থাকেন, পুরনো জুতা সেলাই বা রং করান খুব কম মানুষ। হাতে কাজ না থাকায় বসে বসেই অলস সময় পাড় করতে হয়।

 


সারাদিন যা উপার্জন হয় তাতে ঠিকমতো সংসার চলে না উল্লেখ করে তিনি বলেন, এই পেশার উপর জামালগঞ্জে ৩০ থেকে ৫০টি পরিবার নির্ভরশীল। ছেঁড়া জুতা সেলাই আর পালিশ করাই আমাদের কাজ। জুতা সেলাই ১০ থেকে ২০ টাকা আর পালিশ ২০ থেকে ৩০ টাকায় করে থাকি। এই মজুরিতে আজকের জমানায় আর সংসার চলে না।

 


জয়ন্ত রবিদাস নামের একজন বললেন, ব্যবসায় হালচাল ভালো না। সারাদিন বসে বসেই দিন কাটাতে হয়। বছর পাঁচ আগেও দিনে ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার হতো। বর্তমানে ২০০ টাকাও হয় না। দুই ঈদে এবং পূজায় কিছু কাজ হলেও বছরের অন্য সময় অলস বসে থাকতে হয়।

 


সুমন রবি দাস বলেন, আমাদের দিনকাল ভালো যাচ্ছে না। আগে আমরাই কুরবানীর ঈদে চামড়া সংগ্রহ করতাম, ক্রয়—বিক্রয় করে যা থাকতো তা দিয়ে কয়েক মাস চলতো। বর্তমানে সেই পেশাও এখন অন্যরা নিয়ে গেছে। তিনি বলেন, বিভিন্ন মিছিল, সমাবেশ কিংবা বিয়ে সাদিতে বাদ্যযন্ত্র বাজিয়ে যা রোজগার হয় তা দিয়ে কোন রকম মানবেতর জীবন যাপন করছি। 
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার জানান, এই উপজেলায় কয়েকশত অনগ্রসর জনগোষ্ঠি রয়েছে। এরমধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে বিশেষ ভাতা পায় ৬৯ জন এবং শিক্ষা ভাতা পায় ১৪ জন। এছাড়াও তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ব্যবসা করার জন্য ভাতা প্রদান করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার