শান্তিগঞ্জে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৎপরতা

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২২:২৮

পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনীতির মাঠে প্রধান দল এখন বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের গুছিয়ে নিচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় কেন্দ্রিয় নির্দেশে নিজেদের অঞ্চলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি। তৃণমূল পর্যায়ে দলের কমিটি গঠন করতে ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মীসভা, উঠান বৈঠক, পথসভা ও সংক্ষিপ্ত সভা—সমাবেশ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। এসব কর্মসূচির একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে ধানের শীষের অন্যতম প্রার্থী তিনি।

 


তিনি ছাড়াও এসব কর্মসূচি বাস্তবায়ন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ। যৌথভাবে বেশ কিছু সভা বাস্তবায়ন করেছেন তারা। এসব সভায় কমিটি গঠন নিয়েই বেশি কথা বলেছেন, স্থানীয় বিএনপির ‘হট ভেভারিট’ এই দুই নেতা। কর্মীসভা শেষ করে দুই বলয়ের দুই প্রধান এখন মনোযোগ দিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের দিকে। আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে নিজেদের বলয়ের জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য।

 


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হতে পারে উপজেলার ৮ ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এসব কমিটি নিয়েই এখন তোড়জোড় চলছে পুরো উপজেলায়। কারা আসছেন কমিটিতে? এমন প্রশ্নের উত্তর খোঁজতে বেরিয়ে আসে সমানুপাতিক বা সমবণ্টনের কথা। কমিটির ১১ সদস্যের মধ্যে এক ইউনিয়নে আনছার উদ্দিন বলয়ের ৬ জন আর ফারুক আহমদ বলয়ের ৫ জন হলে আরেক ইউনিয়নে হচ্ছে এর বিপরীত। সব ধরণের প্রশ্ন ও ঝামেলা এড়াতে দুই নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির একাধিক নেতা।

 


আগামী বুধ কিংবা বৃহস্পতিবারে একযোগে প্রতি ইউনিয়নের কমিটি প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র। সূত্র জানায়, ইউনিয়নে ইউনিয়নে যে সব আহ্বায়ক কমিটি গঠন করা হবে সে সব কমিটি প্রকাশের এক মাসের মধ্যে প্রতি ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করতে হবে। কমিটির আহ্বায়ক ও প্রথম যুগ্ম—আহ্বায়ক থাকবেন স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন। তাদের স্বাক্ষরে ওয়ার্ড কমিটি অনুমোদন পাবে।

 


প্রতি ওয়ার্ড কমিটিতে স্থান পাবেন ৫১ জন সদস্য। ইউনিয়নের ৯ ওয়ার্ডের কমিটিতে যেসকল সদস্যগণ থাকবেন ইউনিয়ন সম্মেলনে তাদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সুপার ফাইভ। সভাপতি, সহ—সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম—সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন ওয়ার্ডের নেতৃর্বৃন্দ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের সাথে সাথে আহ্বায়ক কমিটি বাতিল হয়ে যাবে। সূত্র আরও জানিয়েছে, ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে যে ব্যক্তি আহ্বায়ক হিসেবে নিযুক্ত হবেন ইউনিয়ন কমিটির সম্মেলনে তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। সম্পূর্ণ গণতান্ত্রিক পক্রিয়ায় গঠন করা হবে ইউনিয়নের কমিটি।

 


কমিটি গঠন নিয়ে এই প্রতিবেদকের সাথে খোলামেলা আলোচনা করেছেন আনছার উদ্দিন ও ফারুক আহমদ বলয়ের একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ। তবে তাদের কেউই নাম প্রকাশ করতে আগ্রহী নন। তবে তারা দাবি করে বলেছেন, শান্তিগঞ্জ উপজেলায় অনেক মানুষ জেল—জুলুমের শিকার হয়েছেন। মামলার শিকার হয়েছে, অনেক ত্যাগ শিকার করেছেন। বাড়ির বাইরে থেকে কষ্ট করেছেন। আমাদের দাবি হচ্ছে— ত্যাগীরা যেনো এই কমিটিতে স্থান পান। অতীতে যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়েছেন তারা যেনো এসব কমিটিতে স্থান না পান।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর বলেন, আমরা এতোদিন সভা সমাবেশ করেছি। যাচাই—বাছাই করছি। খুব তাড়াতাড়ি ইউনিয়নের আহ্বায়ক কমিটি প্রকাশ করবো। এসব কমিটিতে যারা স্থান পাবেন তারা নিঃসন্দেহে ত্যাগী, নির্যাতিত, জাতীয়তাবাদের আদর্শের সৈনিক ও যোগ্য নেতৃত্বের গুণাবলি সম্পন্ন মানুষ। কোনো ডেভিল বা ডেভিল সহযোগীরা এই কমিটিতে আসতে পারবেন না। যারা কমিটিতে স্থান পাবেন তারাই ১ মাসের মধ্যে প্রতি ইউনিয়নের অন্তত ১০০ মানুষের উপস্থিতে ৫ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবেন। প্রতি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে ইউনিয়ন কমিটির সুপার ফাইভ নির্বাচিত হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার