প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ২১:৩০
কমিউনিটি ক্লিনিকের চারপাশে পানি থাকার কারণে চিকিৎসাসেবা নিতে পারছিলেন না কয়েকটি গ্রামের মানুষ। চারদিকে পানি থাকায় বর্ষার ৬ মাস রোগীশূন্য থাকতো কমিউনিটি ক্লিনিকটি। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল তাহিরপুর উপজেলার বড়দলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।
জানা যায়, ২০২২ সালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে গ্রামবাসীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে বড়দল কমিউনিটি ক্লিনিক মাটিয়ান হাওরপাড়ে স্থাপন করা হয়। সেখানে হেমন্ত কালে যোগাযোগ করা সহজ হলেও বর্ষাকালে পানির জন্য যোগাযোগ করা একেবাইরেই কঠিন। বর্ষা মৌসুমে মাটিয়ান হাওরে পানি প্রবেশ করার পরই স্বাস্থ্যসেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বড়দল গ্রামসহ আশপাশের গ্রামগুলো। ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে আর কেউ স্বাস্থ্যসেবা নিতে পারেন না। এমনকি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্তরাও নিয়মিত অফিস করতে পারতেন না।
বড়দল পুরানহাটি গ্রামের উজ্জ্বল মিয়া জানান, কমিউনিটি ক্লিনিকটির চারদিকে ছয় মাস পানি থাকে। তখন ইচ্ছা করলেই রোগী নিয়ে গিয়ে এখানে চিকিৎসা করানো যায় না। অনেক কষ্ট করে রোগী নিয়ে তাহিরপুর সদর হাসপাতালেই চিকিৎসা করাতে হয়।
বড়দল গ্রামের ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, বর্ষাকালে ক্লিনিকে যাওয়ার মতো কোনো সড়ক না থাকায় তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হলে উপজেলা নির্বাহী অফিস থেকে এক লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
তিনি আরও জানান, বরাদ্দের টাকা পেয়েই তিনি ক্লিনিকে যাতায়াতের সুবিধার্থে দ্রুত একটি বাঁশের চাটাই নির্মাণ করে দেন।
কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাহিদা আক্তার আঁখি বলেন, বিগত বছগুলোতে ক্লিনিকে যাতায়াতে খুবই সমস্যা হতো। সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস থেকে একটি বাঁশের চাটাই নির্মাণ করে দেয়ায় তাদের আর কোন সমস্যা নেই।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, বর্ষাকালে বড়দল গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজন বড়দল কমিউিনিটি ক্লিনিকে আসা যাওয়া করতে পারে না। গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে কিস্ননিকে যাওয়া আসার জন্য একটি বাঁশের চাটাই নির্মাণ করে দেয়া হয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন