প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৫ ১৪:২৭
দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও প্লাস্টিক চাই জব্দ করা হয়েছে।
রবিবার এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালেই জব্দকৃত জাল ও প্লাস্টিকের বোতলগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শুরুর আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হাওর এলাকার স্থানীয়দের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন