প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫ ২২:৪৮
তাহিরপুর-বাদাঘাট সড়ক
তাহিরপুর—বাদাঘাট সড়কের জামালগড় তিন রাস্তার ব্রিজের অ্যাপ্রোচের উভয় দিকের মাটি সরে যাওয়ায় পাকা সড়কে ফাটল দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল চলাচল করছে। তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি, দক্ষিণ বড়দল, উত্তর বড়দল ও বাদাঘাট এই ৫টি ইউনিয়নের লোকজন সড়ক দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে উপজেলার সবচেয়ে বড় হাট হচ্ছে বাদাঘাট বাজার। তাহিরপুর উপজেলার পাশ^র্বর্তী জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার ক্রেতা বিক্রেতারাও বাদাঘাট বাজারে আসেন।
তাহিরপুর বাজারের সবজি ব্যবসায়ী অমিত রায় জানান, গেল দুইদিন পূর্বে তিনি বাদাঘাট বাজার থেকে অটোরিক্সাভর্তি সবজি নিয়ে তাহিরপুর বাজারে ফিরছিলেন, জামালগড় তিনরাস্তা ব্রিজের উপর আসামাত্র অটোরিক্সা উল্টে মালামালের ক্ষতি হয় এবং তিনিও আঘাতপ্রাপ্ত হন।
ভাটি জামালগড় গ্রামের সবুজ মিয়া বলেন, হাওরের ঢেউয়ের আঘাতে তাহিরপুর—বাদাঘাট সড়কের তিন রাস্তার ব্রিজের অ্যাপ্রোচের রাস্তার মাটি নীচে দেবে গেছে। এ রাস্তায় যারা চলাচল করছেন সবাই জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন। তিনি জানান, যে কোন সময় দুর্ঘটনা ঘটে রাস্তাটি দেবে গিয়ে হাওরের সাথে একাকার হয়ে যেতে পারে। এমনকি প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।
তাহিরপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শামছুল হক জানান, তাহিরপুর—বাদাঘাট রাস্তাটি দুটি প্যাকেজে টেন্ডার হয়। তাহিরপুর থানা থেকে উছনারঘাট পর্যন্ত প্যাকেজের কাজ পায় সিলেটের ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল। কাজটি তিনি ৬০ লক্ষ টাকায় টেন্ডারের কাজ পান। কিছুদিনের মধ্যেই তিনি কাজ শুরু করবেন বলে জানান।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, রাস্তাটি যেন দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হয় সেজন্য তিনি তাহিরপুর উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছেন।
বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, তাহিরপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক তাহিরপুর—বাদাঘাট সড়ক। শুনেছি এই রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর টেন্ডার কাজ সম্পন্ন করেছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নির্মাণ কাজ শেষ করার দাবি জানান তিনি।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, তাহিরপুর—বাদাঘাট সড়কের জামালগড় তিন রাস্তার ব্রিজের অ্যাপ্রোচে উভয় দিকের মাটি সরে যাওয়ায় পাকা রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এ বিষয়টি এই রাস্তায় চলাচলকারী অনেকেই তাকে ফোনে জানিয়েছেন। তিনি বলেন, তাহিরপুর—বাদাঘাট সড়কটি টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে, দুইমাস পরেই রাস্তার কাজ শুরু হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন