প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৪
শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
‘বৃষ্টি হলেই ভেজা কাপড়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা’ শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ পড়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
দৈনিক সুনামগঞ্জের খবরের ফেসবুক পেজের কমেন্ট বক্সে জেলা প্রশাসক লিখেন, খুবই জনগুরুত্বপূর্ণ সংবাদ, প্রতিবেদককে আন্তরিক ধন্যবাদ, ইউএনও তাহিরপুরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরকম কতটি বিদ্যালয় আছে, আর এ বিদ্যালয়গুলো কি ক্ষুদ্র মেরামতের কোন বরাদ্দ পেয়েছে, সে টাকায় কি করেছে? তালিকা প্রণয়নের পর অন্যান্য বিদ্যালয়ের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিব। আবারও সবাইকে ধন্যবাদ’।
প্রসঙ্গত, বর্ষাকালে বৃষ্টিপাত হলেই শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানি জমে থাকে। এমতাবস্থায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাদা পানি ভেঙে কাপড়—চোপর ভিজিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। একবার শ্রেণিকক্ষে প্রবেশ করলে কাদাপানির কারণে কেউ আর শ্রেণিকক্ষ থেকে বের হতে চান না। ১৯৯০ সালে একটি টিনসেডে বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছিল। পরবর্তীতে ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক একটি একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। ভবন বর্তমানে জরাজীর্ণ, এরপরও ওই ভবনে ছাত্রছাত্রীদের পাঠদান চলছে। বৃষ্টিপাত হলে ছাদ চুয়ে চুয়ে শিক্ষার্থীদের মাথার উপরে পানি পড়ে। গেল তিন মাস পূর্বে ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে প্রধান শিক্ষকের টেবিলের গ্লাস ভেঙে যায় এবং টেবিলটিও ভেঙে পড়ে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন