প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৫২
জামালগঞ্জের দুইটি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের দুইপাশে বড় বড় গর্ত ও ১২ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সদর ইউনিয়নের নয়াহালট—চানপুর ব্রিজ ও লক্ষীপুর মসজিদের পাশের বক্স কালভার্টের দুই পাশে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। গাড়ি চালক ও পথচারীরা জামালগঞ্জ—সেলিমগঞ্জ ১২ কিলোমিটার সড়ক দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, নয়াহালট—চানপুর ব্রিজের দুইপাশের অ্যাপ্রোচে বিশাল গর্ত তৈরি হয়েছে। এছাড়াও ব্রিজের উপর খানাখন্দ হয়ে আছে। ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনার আশংকায় ব্রিজসহ সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মন্নানঘাট বাজারের ব্যবসায়ী মো. ইয়ার আলী বলেন, সেলিমগঞ্জ—জামালগঞ্জ সড়কটি ৩ উপজেলার যাতায়াতের একমাত্র পথ। ধর্মপাশা, মধ্যনগর এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ির লোকজন সুনামগঞ্জের সাথে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়ীক কাজে যাতায়াতের এটিই একমাত্র সড়ক। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সড়কটি আর সংস্কার করা হয় নি। অটোরিকশা, সিএনজি কিংবা মোটরসাইকেলে উঠলে ঝাঁকুনিতে সুস্থ্য মানুষ অসুস্থ হয়ে পড়েন। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নিকট দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তিনি।
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, জামালগঞ্জ — সেলিমগঞ্জ ১২ কিলোমিটার সড়ক সংস্কারের প্রাক্কলন অনুমোদন হয়েছে। এই মাসেই দরপত্র আহ্বান করা হবে। আশা করছি আগামী মাস থেকে এই সড়কের কাজ শুরু হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন