প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০০:৩১
সভাপতি আশ্রাফুল, সম্পাদক নাসির
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ বড়দল ইউনিয়নের জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে আশ্রাফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মো. নাসির মিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সকাল থেকে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বশির আহমদ এবং সঞ্চালনায় ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত সহ-সাধারণ সম্পাদক মো. শাহিনুল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, একেএম নাসের উজ্জ্বল, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ছাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসনাত রাসেল, তোজাম্মিল হক নাসরুম প্রমুখ।
পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে আশ্রাফুল আলম (ঘোড়া মার্কা) ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (চেয়ার মার্কা) পান ১৯২ ভোট। সহ-সভাপতি পদে আব্দুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মো. নাসির মিয়া (ফুটবল মার্কা) ৩৭২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ৬২ ভোট এবং আব্দুর রহিম কোনো ভোট পাননি। সহ-সাধারণ সম্পাদক পদে শাহিনুর আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ফখরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সহকারী কমিশনার জুনাব আলী, সাবেক চেয়ারম্যান সবুজ আলম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন