বিচার দাবিতে ২ ঘন্টা মহাসড়ক ব্লকেড

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৩৫

মাও. মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যু

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ—সভাপতি মাও. মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুকে শুরু থেকেই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন জেলা, উপজেলা পর্যায়ের জমিয়ত নেতা ও পরিবারের সদস্যরা। তদন্তপূর্বক তাঁর খুনিদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য মৃত্যুর প্রথম দিন থেকেই দাবি করে আসছেন তারা। নিখোঁজ ও মৃত্যুর ৭ দিন অতিবাহিত হওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ ও কাউকে গ্রেফতার না করায় শনিবার বিকালে রাস্তা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রচারণা করা হয় যে, রবিবার বিকাল ৩ টায় সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার মতো কঠোর কর্মসূচি পালন করা হবে। 


এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাই রাস্তার পয়েন্টে সড়ক অবরোধ করেন জমিয়ত নেতা ও স্থানীয় লোকজন। এতে দুই পাশে হাজারো যানবাহন আটকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানজট নিরসন হতে সময় লাগে আরো প্রায় ১ ঘন্টা। এসময় জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা শহর দিরাইর সাথে সরাসরি সড়ক পথ বন্ধ হয় সারা দেশের। এতে চরম দুর্ভোগে পড়েন যানজটে আটকে থাকা হাজার হাজার যাত্রী সাধারণ। বিকাল ৫টায় কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দির আশ্বাস ও নির্দেশনায় এ অবরোধ সাময়িক স্থগিত করেন বিক্ষুব্ধ জনতা। কর্মসূচি স্থগিতের আগে পুলিশ প্রশাসনের প্রতি ‘আল্টিমেটাম’ দিয়ে তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামিদের খুঁজে বের করে গ্রেফতার করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে কেন্দ্রীয় জমিয়ত। ঢাকা থেকে আসবে কর্মসূচি।


বিক্ষোভ কর্মসূচির পথসভা সঞ্চালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. রমজান হোসাইন। কর্মসূচিতে বক্তব্য রাখেন— আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৩ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাও. হাম্মাদ আহমদ গাজীনগরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. তয়্যিবুর রহমান চৌধুরী, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ—৪ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাও. মখলিছুর রহমান চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাও. আবদুল হাই, জেলা জমিয়তের সহ—সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য মাও. মিজানুর রহমান ও মুফতি আবদুল মালিক ত্বোহাসহ আরো অনেকে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন রক্ষাকারী প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে বিক্ষুব্ধ বক্তারা বলেন, প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নেই। মাও. মুস্তাক আহমদ একজন নির্বিবাদী মানুষ ছিলেন। অত্যন্ত ধর্মপ্রাণ এই মানুষটি জমিয়তের একজন নিবেদিত নেতা ছিলেন। তাঁর খুনিদের খুঁজে বের করতে পুলিশ টালবাহানা করছে। তারা চাইলেই এই খুনের রহস্য খুব তাড়াতাড়ি উদঘাটন করতে পারে, কিন্তু করছে না। আমরা কঠোর হুশিয়ারি দিয়ে বলে দিতে চাই, যদি আগামীকালের মধ্যে (আগামী ২৪ ঘন্টা) খুনিদের খুঁজে বের করে গ্রেফতার করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, তাই তাদের আশ্বাসে নয়— আমাদের (জমিয়তের) কেন্দ্রীয় মহাসচিবের নির্দেশে আজকে আপাতত এই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে তা পালন করবে স্থানীয় জমিয়ত ও জনতা। কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন হাম্মাদ আহমদ গাজীনগরী ও মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।
সরেজমিন
রবিবার বিকাল ৩টার আগেই ব্লকেড কর্মসূচি পালন করতে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে দিরাই রাস্তার মুখে আসতে থাকেন জমিয়ত নেতা—কর্মীরা। কর্মসূচির সূচনা হলে যোগ দেন স্থানীয় সাধারণ মানুষ। দিরাই রাস্তা, সিলেট—সুনামগঞ্জ সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জায়গায় যানবাহন আটকে যাওয়ার দৃশ্য চোখে পড়ে। এসময় এম্বুল্যান্স আটকে থাকলেও লাশবাহী একটি লেগুনাকে ছেড়ে দেন অবরোধকারীরা। বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে ‘আমার ভাইয়ের রক্ত লাল, প্রশাসন কার দালাল অথবা আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে ?’ এমন জ্বালাময়ী শ্লোগান দেন বিক্ষোভকারীরা। বিভিন্ন দিক থেকে মিছিল আসে বিক্ষোভস্থলে। সুনামগঞ্জ—সিলেট আঞ্চলিক মহাসড়কের দিরাই রাস্তার মুখের উভয় পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেন আন্দোলনকারীরা।
জমিয়তের সাথে বিক্ষুব্ধ জনতার দাবি, যত দ্রুত সম্ভব খুনীদর খুঁজে বের করে বিচারের আওতায় আনা। 
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে নিখোঁজ হন জমিয়তের গুরুত্বপূর্ণ নেতা মাও. মুস্তাক আহমদ গাজীনগরী। নিখোঁজের পরদিন থেকে তাঁর সন্ধানের দাবিতে মানববন্ধনসহ একাধিক কর্মসূচি পালন করে আসছেন জমিয়তের নেতারা। ৩ দিন পর দিরাই থানাধীন শরীফপুর গ্রামের ইট ভাটার কাছে মরা সুরমা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় মাও. মুস্তাক আহমদ গাজীনগরীর মরদেহ। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার