প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫
শাবিপ্রবি উপাচার্যের আহ্বান
ছবি -সু.খবর
শিক্ষার্থীদের জন্য যদি আপনারা বৃত্তির ব্যবস্থা করেন তবে তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। একদিন এই শিক্ষার্থীরাই কিশোরগঞ্জের গর্বে পরিণত হবে। আমি আশাবাদী, আপনারা জেলার মেধাবী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবপ্রবি) কিশোরগঞ্জ এসোসিয়েশনের নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটে অবস্থিত কিশোরগঞ্জের গুণীজনদের প্রতি আহ্বান জানিয়ে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম, সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী পানসী গ্রুপের ম্যানেজিং পার্টনার হাজী সালাউদ্দিন, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোঃ শাহীনসহ কিশোরগঞ্জের গুণীজনরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা পড়াশোনায় মনোযোগী হবে এবং সিজিপিএ ভালো রাখার চেষ্টা করবে। টিউশনের প্রতি অতিরিক্ত ঝুঁকবে না। কারণ এতে এক ধরনের লোভের সৃষ্টি হয়। টাকার মোহে বেশি টিউশন করলে পড়াশোনার ক্ষতি হয়। বড়দের প্রতি সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করবে।
কিশোরগঞ্জের গুণীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য যদি আপনারা বৃত্তির ব্যবস্থা করেন তবে তারা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। একদিন এই শিক্ষার্থীরাই কিশোরগঞ্জের গর্বে পরিণত হবে। আমি আশাবাদী, আপনারা জেলার মেধাবী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রশংসা করে তিনি বলেন, উপাচার্য সরওয়ারউদ্দিন স্যার শুধু একজন ভালো মানুষই নন তিনি একজন দক্ষ গবেষকও। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন স্যারকে গভীর রাতেও ল্যাবে গবেষণা করতে দেখতাম। কার্জন হলে হাতে গোনা কয়েকজন গবেষকের একজন ছিলেন তিনি। ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁকে পাওয়া সত্যিই আমাদের সৌভাগ্যের বিষয়।
এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম, সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী পানসী গ্রুপের ম্যানেজিং পার্টনার হাজী সালাউদ্দিন, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মোঃ শাহীনসহ কিশোরগঞ্জের গুণীজনদের হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান উপাচার্য।
এছাড়া নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জআ
জাতীয় থেকে আরো পড়ুন