প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ২১:১০
ভোরের আলো ফোটার আগেই বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের পাশের কাদাযুক্ত রাস্তায় দেখা গেল একদল মানুষ— কেউ কোদাল হাতে, কেউ বালির বস্তা টানছেন, কেউবা মাথায় মাটি বহন করছেন। কারও পরনে আনসার ইউনিফর্ম, কারও কাঁধে জাতীয় পতাকার ব্যাজ। তাঁরা অন্য কেউ নন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য।
জানা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে আসে। কিন্তু গত কয়েক মাস ধরে রাস্তার বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়, বৃষ্টির পানিতে রাস্তা কাদাময় হয়ে যায়। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা ছিল দুরূহ, বাজারের মানুষও ছিলেন ভোগান্তিতে। কেউ মেরামতের উদ্যোগ না নেওয়ায় বাদাঘাট ইউনিয়ন শাখার আনসার—ভিডিপি ইউনিটের দলনেতা শাহা আলীর নেতৃত্বে ২৫ জন ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমে চলাচলের উপযোগী করে তুলেন রাস্তা।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আফজালুল হক শিপলু বলেন, প্রতিদিন কাদায় পা ডুবিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতো। আনসার ভিডিপির উদ্যোগে আজ সেই কষ্টের অবসান হয়েছে।
শিক্ষক মো. লোকমান হোসেন বলেন, মাত্র একদিনের স্বেচ্ছাশ্রমে চলাচলের উপযোগী হয়ে উঠেছে বিদ্যালয়—সংলগ্ন ভাঙা কাদাযুক্ত রাস্তাটি। এখন শিক্ষার্থীসহ পথচারীদের মুখে হাসি ফুটবে।
মো. বেলাল হোসেন বলেন, এই রাস্তা মেরামতের কাজ শুধু একটি পথ নয়, এটি গ্রামীণ সহযোগিতা আর মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, স্কুলের রাস্তা ছাড়াও তারা বাজার থেকে সরকারি কলেজ পর্যন্ত ভাঙা অংশগুলো মেরামত করছে। এ ধরনের মানবিক কাজ সমাজে অনুপ্রেরণা ছড়াবে।
বাদাঘাট ইউনিয়ন শাখার আনসার ভিডিপি’র দলনেতা শাহা আলী বলেন, জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় স্কুলের ভাঙা ও কাদাযুক্ত রাস্তা নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। একইভাবে বাদাঘাট বাজার থেকে সরকারি কলেজ পর্যন্ত ভাঙা রাস্তার অংশগুলো আনসার ভিডিপি সদস্যরা মেরামত করছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন