তাহিরপুর শিশু পার্ক উদ্বোধনের পরও তালাবদ্ধ!

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২৩:১৮

তাহিরপুর শিশু পার্ক গত ১৩ আগস্ট উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ রয়েছে দৃষ্টিনন্দন এই পার্কটি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাহিরপুর উপজেলা সদরে শিশুদের বিনোদনের কিছু না থাকায় ২০২৩ সালের শুরুতে তাহিরপুর শিশু পার্কটি নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তিনি পরিষদের একটি নিচু স্থান ভরাট করে তাহিরপুর শিশু পার্কের স্থান নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে তৎকালীন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম তাহিরপুরে যোগদানের পর থেকেই শিশু পার্কের কাজ শুরু করেন এবং বিদায় মূহুর্তে উদ্বোধন করেন। উদ্বোধনের সময় শিশু পার্কের আংশিক কাজ বাকী রেখেই উদ্বোধন করা হয়।

 


উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. আনিসুল হক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় শিশু পার্কে ১৩টি আইটেম ছিল। এরমধ্যে রয়েছে- ডাইনো পার্ক বাউন্সি ক্যাসল এবং পুল ক্যাসল, ট্রেম্পোলিন, স্প্রিং হর্স, স্প্রিং, মাল্টিপে সিস্টেম, স্লাইড এন্ড ক্লাইম্বার, মিনি ট্রেন, সি-স, ক্যারোসেল, ওয়াল ক্লাইম্বিং, দোলনা, দৃষ্টিনন্দন প্রজাপতি চত্বর ও পার্ক বেঞ্চ।


তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুল বলেন, আমার যতদূর মনে পড়ে তাহিরপুর শিশু পার্কটি নির্মাণের জন্য সে সময়ে মাটি শুধু ভরাটের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

 


তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, তাহিরপুর শিশু পার্কে উপজেলা পরিষদ থেকে ২০ লক্ষ টাকা খরচ করা হয় এবং প্রকল্পের টাকা তিনিই ছাড় করেছেন বলে জানান। নির্মাণ কাজের ঠিকাদারের নাম জানতে চাইলে তিনি জানান, কাজটি একাধিক ঠিকাদারে করেছে এ মুহুর্তে নামগুলো তার স্মরণ নেই।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য তুজাম্মিল হক নাছরুম বলেন, আংশিক কাজ বাকী রেখে শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছিল। সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় তাহিরপুর শিশু পার্কটি উদ্বোধনের পর থেকেই এতালাবদ্ধ থাকার বিষয়টি আসলেই দুঃখজনক।

 


তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক জানান, তিনি তাহিরপুরে যোগদানের আগেই তাহিরপুর শিশু পার্ক উদ্বোধন হয়েছে। শিশু পার্কের কিছু কাজ বাকী রয়েছে। বাকী কাজটুকু সম্পন্ন করেই এটি জনসাধারণের জন্য উন্মূক্ত করে দেয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার