প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ২২:৫৩
ব্যান্ডপার্টি ও পতাকা নিয়ে বীজ ধান বিক্রির প্রচারাভিযানও চলছে
জেলার বৃহৎ বোর ফসলি ধানের হাওর শনি, মাটিয়ানসহ বিভিন্ন হাওরে বীজ ধান বপনের ধুম পড়েছে। হাওরপাড়ের কৃষকদের প্রতিদিনই বীজ ধান নিতে তাহিরপুর বাজারের বীজ ডিলারদের দোকানে ভিড় করতে দেখা যায়। বাজারে আসা কৃষকরা অন্যান্য কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় বীজ ধানের থলে হাতে নিয়ে বাড়ি ফিরছেন।
শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মহসিন মিয়া বলেন, তিনি তাহিরপুর বাজার থেকে বিএডিসির ৫ কেজির প্যাকেট বীজ ধান ৬৩০ টাকায় কিনেছেন। কোম্পানীর বীজ শক্তি-২, শক্তি-৩ ও ব্র্যাক-৭৭৭ প্রতি কেজি ৪৫০ টাকা দরে কিনেছেন।
এদিকে রবিবার দুপুরে তাহিরপুর বাজারে কোম্পানীর বীজ শক্তি-২, শক্তি-৩ ও ব্র্যাক-৭৭৭ বীজ ধান বাজারজাত করতে ব্র্যাকের পক্ষ থেকে ব্যান্ডপার্টি ও পতাকা হাতে নিয়ে বীজ ধান বিক্রির প্রচারণা অভিযান চালিয়েছে কোম্পানীর লোকজন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ বছর তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ১১শ’ প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে উচ্চ ফলনশীল বীজ ধান বিনামূল্যে প্রদান করা হবে। ইতোমধ্যেই উপজেলা কৃষি অফিস উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রান্তিক কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।
বাদাঘাট বাজারের বিএডিসি বীজ ডিলার নূর মিয়া জানান, বাদাঘাট বাজারে তিনজন ডিলার বিএডিসি বীজ ধান ও কোম্পানীর বীজ ধান মিলে সর্বমোট প্রায় ৩৫ মেট্রিক টন বীজ ধান বিক্রি হয়েছে।
তাহিরপুর বাজারের বিএডিসি বীজ ডিলার সামায়ুন কবীর এ পর্যন্ত তিনি তার দোকান থেকে ৪০ মেট্রিক টন বীজ ধান বিক্রি করেছেন বলে জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে ১১শ’ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য উফশি বীজ ধান জেলা শহর থেকে অফিসে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যেই বিতরণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন