লতিরাজ কচু চাষে সাফল্য

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২২:৪৮

জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে লতিরাজ কচু চাষে ছড়িয়ে পড়েছে সাফল্যের সুবাতাস। উন্নতমানের এই কচু চাষ করে এলাকায় কৃষকদের মাঝে আশার আলো ছড়িয়েছেন চাঁনপুর গ্রামের তরুণ কৃষক কামাল হোসেন। 

 


কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কামাল হোসেন যশোর থেকে বারি-১ জাতের ৩০ হাজার চারা এনে নিজস্ব ৬ বিঘা জমিতে লতিরাজ কচু চাষ করেছেন। মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে লতার উৎপাদন শুরু হয়েছে। যা স্থানীয় বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বর্তমানে তিনি সপ্তাহে ১২ থেকে ১৫ মন লতি বিক্রি করেছেন। কৃষক কামালের চোখে সাফল্যের খুশি। তার ক্ষেতের সবুজ লতা পাতায় সাফল্যের মালা শুধু একজন কৃষকের স্বপ্ন নয় বরং এটিও হতে পারে শত কৃষকের পথ দেখানোর স্বপ্নের এক অনন্য দৃষ্টান্ত। সঠিক পরিচর্যা ও তার পরিশ্রমের ফসল হয়ে উঠেছে লতিরাজ কচু। তার সুবাতাস ছড়িয়ে পড়েছে প্রতিটি কৃষকের মাঝে। 

 


একই এলাকার ধান চাষি আব্দুস সালাম বলেন, কামাল ভাইয়ের লতিরাজ কচু ক্ষেত দেখে এলাম। ফলন দেখে আমি অভিভূত, তাই আগামী মৌসুমে আমিও লতিরাজ কচু চাষ করবো। 
কৃষক কামাল হোসেন বলেন, যশোরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে তার লতি কচু চাষ ও লাভ দেখে লতি কচু চাষের সিদ্ধান্ত নেই। আগে এই জমিতে আমন ধান চাষ করতাম, পরে বাদাম চাষ করতাম। বন্ধুর পরামর্শে ৬ বিঘা জমিতে এখন লতিরাজ কচু চাষ করছি। কচুর চারা, সার ও শ্রমিক খরচ বাবদ প্রায় সাড়ে ৮ লাখ টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত ১৫ মন লতা বিক্রয় হয়েছে। আশা করি, আগামী বর্ষা আসার আগ পর্যন্ত ২০ থেকে ২৫ লাখ টাকার লতা বিক্রি করতে পারবো। লতা বিক্রি শেষ হলে মেডিসিন দিয়ে মোড়া কচু বিক্রয় করা যাবে। এতে করে আরও দেড় থেকে দুই লাখ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। প্রতিদিন বিভিন্ন কৃষক ক্ষেত দেখতে আসে, অনেকেই আগামীতে লতা কচু চাষ করতে উৎসাহিত হচ্ছে। 

 


উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, কচু জাতীয় ফসল অর্থকরী ফসল। প্রতি বিঘা জমিতে লক্ষাধিক টাকা আয় সম্ভব। তিনি বলেন, লতিরাজ কচু আয়রন সম্বৃদ্ধ সবজি, যা গর্ভবতী মা এবং শিশুদের পুষ্টি নিরাপত্তায় ভূমিকা রাখে। এই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মুখী কচু, লতিরাজ কচু, পানি কচু চাষ সম্প্রসারিত হচ্ছে। এবার এই উপজেলায় ১০ হেক্টর জমিতে কন্দাল ফসল উৎপাদন হবে। লতিরাজ কচু চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার