প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩ ০৮:৩৮
আনন্দমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সদর উপজেলা ও তাহিরপুর উপজেলা। নির্ধারিত সময় শেষে খেলা ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে জয় পায় সুনামগঞ্জ সদর উপজেলা। খেলা উপভোগ করতে মাঠে ছিলেন সুনামগঞ্জের বিশিষ্টজন, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং নানা বয়স ও পেশার মানুষেরা। দেড় ঘন্টা ব্যাপি খেলায় ব্যান্ড-পার্টি বাজিয়ে খেলার মাঠকে মাতিয়ে রেখেছেন দর্শকেরা।
এর আগে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার বোরহান উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জে ফুটবল টুর্নামেন্ট বন্ধ ছিলো। একটি জেলায় এতোদিন কিভাবে একটা জনপ্রিয় খেলা বন্ধ থাকতে পারে। এই চিন্তা থেকে আমরা জেলার অনেকে বসে বিভিন্ন খেলার আয়োজন করেছি। চমৎকার একটি আয়োজন হয়েছে আজকে। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানকে মাঠে আনতে হবে।
প্রধান অতিথি নুরুল হুদা মুকুট বলেন, সুন্দর চরিত্রের মানুষ গড়তে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। খেলাধুলা মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখে মানুষকে। সবাইকে আজকের মতো খেলাধুলার সাথে থাকতে হবে।
টুর্নামেন্টের সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সুনামগঞ্জের মানুষ অনেক পজিটিভ ও আন্তরিক। মানুষজন পজিটিভ কাজে সব সময় সহযোগিতা করেন। আগামী প্রজন্মের যারা আছে তাদের জীবনকে সুন্দর ভাবে বিকাশিত করতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে তারা মাদক ও অন্যান্য অপকর্ম থেকে দূরে থেকে সোনার বাংলা গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে। এদেশ অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ। যেটি বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছেন। তা বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে এদেশ আগামী দিনেও সুন্দর ও সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ তৈরি করতে হবে খেলাধুলার মাধ্যমে। আমরা বিশ্বাস করি আমাদের আগামী প্রজন্ম তারা নিজেদেরকে তৈরি করে বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরবে। বক্তৃতা শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পারভেজ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলারা বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।
টুর্নামেন্টে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ৫ জেলার ১৬ টি ফুটবল দল অংশগ্রহণ করেছে।
খেলাধুলা থেকে আরো পড়ুন